জাতীয়
হাসনাত আব্দুল্লাহর উদ্যোগে শিক্ষার্থীদের সংসদ ভবন পরিদর্শন

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর ব্যতিক্রমী উদ্যোগে তার নির্বাচনী এলাকার ১৫৩ জন কৃতী শিক্ষার্থী ও কয়েকজন শিক্ষক জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেছেন।
সোমবার বিকেলে ‘জার্নি টু পার্লামেন্ট’ কর্মসূচির আওতায় শিক্ষার্থীরা এই সুযোগ পায়। সংসদীয় কার্যক্রম সম্পর্কে বাস্তব ধারণা দেওয়া এবং উচ্চশিক্ষা ও নেতৃত্ব বিকাশে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে এ আয়োজন করা হয়।
পরিদর্শনকালে শিক্ষার্থীরা সংসদ ভবনের বিভিন্ন অংশ ঘুরে দেখার পাশাপাশি গ্যালারিতে বসে সরাসরি সংসদ অধিবেশনের কার্যক্রম পর্যবেক্ষণ করে। অংশগ্রহণকারীদের মধ্যে বিভিন্ন স্কুলের পাশাপাশি মাদরাসার শিক্ষার্থীরাও ছিল।
রাষ্ট্র পরিচালনার অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এবং দেশের সর্বোচ্চ আইনসভা সরাসরি দেখার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে শিক্ষার্থীরা। তাদের ভাষ্য, সংসদীয় কার্যক্রম কাছ থেকে দেখার এই অভিজ্ঞতা ভবিষ্যতে তাদের শিক্ষা, নেতৃত্ব ও দেশসেবার পথচলায় গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।






