জাতীয়

আগামী পাঁচ বছর জনকল্যাণের দায়িত্ব বিএনপিকে দিয়েছে জনগণ: নজরুল ইসলাম খান

ডেস্ক

শেয়ারঃ

আগামী পাঁচ বছর জনকল্যাণের দায়িত্ব বিএনপিকে দিয়েছে জনগণ: নজরুল ইসলাম খান- খবরের থাম্বনেইল ফটো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ আগামী পাঁচ বছর দেশের কল্যাণের দায়িত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও দলের নেতা তারেক রহমান-এর ওপর ন্যস্ত করেছেন বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।


শুক্রবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এবারের নির্বাচনে বিএনপি দুই-তৃতীয়াংশেরও বেশি আসনে বিজয় অর্জন করেছে। পাশাপাশি বিএনপির সঙ্গে জোটে থাকা শরিক দলগুলোর প্রার্থীরাও উল্লেখযোগ্য সংখ্যক আসনে জয়লাভ করেছেন। তিনি এ ফলাফলকে জনগণের আস্থার বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করেন।


নির্বাচন নিয়ে শতভাগ সন্তুষ্ট কিনা—এমন প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, “শতভাগ সন্তুষ্টি অনেক কঠিন বিষয়।” তবে তিনি সামগ্রিকভাবে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, অতীতের অনেক নির্বাচনের তুলনায় এবারে সহিংসতা ও প্রাণহানির ঘটনা কম হয়েছে এবং রাষ্ট্রীয় সম্পদের বড় ধরনের ক্ষয়ক্ষতিও হয়নি।


তিনি আরও বলেন, দীর্ঘদিন ভোটকেন্দ্রে অংশগ্রহণ কমে যাওয়ার যে প্রবণতা তৈরি হয়েছিল, সেটি পুরোপুরি কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। ভবিষ্যতে জনগণকে ভোটের প্রতি আরও আগ্রহী করে তুলতে কাজ করার অঙ্গীকার করেন তিনি।


বিএনপি নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়, আগামী দিনে জনগণের প্রত্যাশা পূরণ, গণতান্ত্রিক চর্চা শক্তিশালী করা এবং জবাবদিহিমূলক শাসন নিশ্চিত করাই হবে তাদের প্রধান লক্ষ্য। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিপুল জনসমর্থনের এ ফলাফল এখন বাস্তবায়নের চ্যালেঞ্জের মুখে—যেখানে জনআস্থা রক্ষা করাই হবে মূল পরীক্ষার বিষয়।


সম্পর্কিত খবর