জাতীয়
আইনি ভিত্তি পেলে ভোট পুনর্গণনার আবেদন করবেন গোলাম পরওয়ার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলের সঙ্গে অসংগতির অভিযোগ তুলে খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মিয়া গোলাম পরওয়ার আইনি ভিত্তি পেলে ভোট পুনর্গণনার আবেদন করার কথা জানিয়েছেন। তিনি একই সঙ্গে বাতিল হওয়া প্রায় ছয় হাজার ভোটের যৌক্তিকতা যাচাইয়ের দাবিও তুলেছেন।
গণমাধ্যমে শুক্রবার দেওয়া বক্তব্যে গোলাম পরওয়ার বলেন, “ডেমোক্রেটিক সিস্টেম ও সংসদীয় ব্যবস্থায় নির্বাচনই জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের বৈধ মাধ্যম। আমরা সব সময় নির্বাচনমুখী একটি রাজনৈতিক দল এবং এবারের নির্বাচনকেও সেই মনোভাবের সঙ্গে গ্রহণ করেছি। স্বচ্ছ ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে আমরা সরকার, নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করেছি।”
গোলাম পরওয়ার নির্বাচনে জয় লাভ করতে পারেননি। তিনি পেয়েছেন ১ লাখ ৪৬ হাজার ২৪৬ ভোট, তার প্রতিদ্বন্দ্বী বিএনপির মোহাম্মদ আলি আসগার পেয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৮৫৪ ভোট। ব্যবধান ২ হাজার ৬০৮ ভোট।
তিনি বলেন, “বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল আমরা বিভিন্ন সরকারি নথির সঙ্গে মিলিয়ে যাচাই করছি। প্রায় ১৫০টি কেন্দ্রের ফলাফলের মধ্যে কিছু অসংগতি লক্ষ্য করেছি। আইনি ভিত্তি পেলে আমরা পুনর্গণনার আবেদন করব।”
গোলাম পরওয়ারের দাবি, প্রায় ৬ হাজার ভোট বাতিল হয়েছে। তিনি জানান, এসব ভোট বৈধভাবে বাতিল হয়েছে কি না তা খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে। “কোনও ভুল বা গণনার ত্রুটি থাকলে আইন অনুযায়ী পুনর্গণনার মাধ্যমে যাচাই করা উচিত।”
নিজের নির্বাচনী এলাকার ভোটারদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “প্রায় দেড় লক্ষ মানুষ আমাকে ভোট দিয়েছেন, এটি আমার কাছে বিরাট পাওয়া। আমি কখনও তাদের এই ভালোবাসা ভুলব না। মনোবল হারানোর কিছু নেই। জয়-পরাজয় রাজনীতির অংশ, তবে আমি নৈতিকভাবে পরাজিত মনে করি না। আমি কোনো অন্যায় করিনি।”








