জাতীয়

শপথ অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাবে বিএনপি!

ডেস্ক

শেয়ারঃ

শপথ অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাবে বিএনপি!- খবরের থাম্বনেইল ফটো

সাধারণ নির্বাচনে ভূমিধস জয়ের পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করছে দলটি। সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ তথ্য জানিয়েছে।


প্রতিবেদনে বলা হয়, শপথ অনুষ্ঠানে আঞ্চলিক রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানোর প্রস্তুতি চলছে এবং আমন্ত্রিতদের তালিকায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম থাকতে পারে।


প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ পাঠানো হলে এবং তা গ্রহণ করা হলে ঢাকায় নতুন রাজনৈতিক নেতৃত্বের অধীনে ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে মোদির উপস্থিতি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হতে পারে।


তবে শপথগ্রহণ অনুষ্ঠানের তারিখ কিংবা কোনো বিদেশি নেতার উপস্থিতি নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি বিএনপি।


এতে বলা হয়, সাম্প্রতিক আঞ্চলিক টানাপোড়েনের পর ভারত-বাংলাদেশ সম্পর্ক পুনঃস্থাপনে কাজ করছে বিএনপি।


এর আগে নির্বাচনে জয়লাভ করায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ উপলক্ষে তিনি ফোনে তারেক রহমানের সঙ্গে কথাও বলেন।


শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মোদি জানান, তারেক রহমানের সঙ্গে ফোনালাপে তিনি আনন্দিত। পোস্টে তিনি বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণে তারেক রহমানের প্রচেষ্টার প্রতি সমর্থন ও শুভকামনার কথা উল্লেখ করেন।


এ ছাড়া তিনি বলেন, ভারত ও বাংলাদেশ ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনে গভীরভাবে আবদ্ধ। ভারতের পক্ষ থেকে বাংলাদেশ এবং দুই দেশের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির প্রতি অব্যাহত অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।


সম্পর্কিত খবর