জাতীয়
রংপুরে ভোট পুনর্গণনার দাবিতে ডিসি অফিস ঘেরাও

রংপুর-৩ (সদর), রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) ও রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে পুনরায় ভোট গণনার দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করেছেন বিএনপি প্রার্থীর সমর্থকরা।
রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। এসময় আখতার হোসেন ও জেলা প্রশাসককে ভোট চোর উল্লেখ করে স্লোগান দেন বিক্ষুব্ধ জনতা। বিক্ষোভ কর্মসূচিতে বিএনপির প্রার্থী এমদাদুল হক ভরসা, সামসুজ্জামান সামু এবং সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
রংপুর ৪ আসনের বিএনপির প্রার্থী এমদাদুল হক ভরসা বলেন, এই নির্বাচনে আমি শতভাগ আশাবাদী ছিলাম যে, ইনশাল্লাহ জনগণের রায়ে আমি এমপি নির্বাচিত হব। বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত আমাদের প্রতিপক্ষ এনসিপির আখতার হোসেন যেভাবে মব সৃষ্টি করেছে, প্রশাসনের সহায়তা নিয়ে যেভাবে আমার নির্বাচনের ফলাফলটাকে ইঞ্জিনিয়ারিং করেছে, এ ব্যাপারে গত শুক্রবার সকাল ১১টা থেকে ৩টা পর্যন্ত ডিসির বাংলোতে গিয়েও আমি ডিসির কোনো দেখা পাইনি। আমার একটাই অভিযোগ, যে নির্বাচনটা হয়েছে, এর ফলাফলটা যেটা দিয়েছে, এটা আমরা পুনঃ গণনা চাই। এর আগে গত শনিবার কাউনিয়া উপজেলার মীরবাগ এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এমদাদুল হক ভরসার সমর্থকরা।
একই দাবিতে রংপুর-৩ আসনের প্রার্থী সামসুজ্জামান সামু বলেন, আমরা নিয়মতান্ত্রিক পন্থায় আন্দোলন শুরু করেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। অন্যদিকে রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী সাইফুল ইসলামও পুনরায় ভোট গণনার দাবি জানান।
এ বিষয়ে রংপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ এনামুল আহসান জানান, রংপুর ৩, ৪ ও ৬ আসনের বিএনপির প্রার্থীদের ভোট পুনরায় গণনার বিষয়টি লিখিত আকারে অভিযোগ পেয়েছি। আমরা বিষয়টি নির্বাচন কমিশনের কাছে পরবর্তী নির্দেশনার জন্য প্রেরণ করেছি।








