জাতীয়
ড. রেজা কিবরিয়াকে অর্থমন্ত্রী করার দাবি জোরালো

হবিগঞ্জ-১ (বাহুবল নবীগঞ্জ) আসন থেকে বিএনপির ধানের শীষে নির্বাচিত ড. রেজা কিবরিয়াকে নতুন সরকারে অর্থমন্ত্রী করার দাবি জোরালো হচ্ছে। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১ লাখ ১১ হাজার ৯৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
ড. রেজা কিবরিয়া দেশের একজন প্রখ্যাত অর্থনীতিবিদ ও রাজনীতিক। তাঁর পিতা শাহ এএমএস কিবরিয়া ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের আমলে অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন। সে সময় তিনি হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ-লাখাই) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। ২০০৫ সালে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের বৈদ্যের বাজারে গ্রেনেড হামলায় তিনি নিহত হন। এ নৃশংস হত্যাকাণ্ডের জন্য জেলা আওয়ামী লীগের নেতাদের দায়ী করে আসছেন ড. কিবরিয়া। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ ঘটনাও তাঁর রাজনৈতিক অবস্থান পরিবর্তনের অন্যতম কারণ।
এর আগে নবীগঞ্জের সন্তান, সাবেক এমপি প্রয়াত দেওয়ান ফরিদ গাজী ১৯৭৩ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রীর দায়িত্ব পালন করেন।
স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রত্যাশা, ড. রেজা কিবরিয়া অর্থমন্ত্রী হলে দীর্ঘদিন অবহেলিত বাহুবল-নবীগঞ্জ এলাকার রাস্তাঘাট, সেতু-কালভার্ট, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ত্বরান্বিত হবে। নির্বাচনী প্রচারণায়ও তিনি উন্নয়ন কর্মকাণ্ড জোরদার করার প্রতিশ্রুতি দেন। অনেকের মতে, মন্ত্রিত্ব পেলে তিনি তাঁর প্রতিশ্রুতি বাস্তবায়নে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবেন।
বাহুবল উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস আহমেদ চৌধুরী তোষার বলেন, একজন অর্থনীতিবিদ হিসেবে ড. রেজা কিবরিয়াকে অর্থমন্ত্রী করা সময়ের দাবি। বিপুল ভোটে নির্বাচিত হওয়ার মাধ্যমে জনগণ তাঁর প্রতি আস্থা প্রকাশ করেছেন।
ছাত্রদলের উপজেলা সভাপতি সুমন চৌধুরী বলেন, অবহেলিত বাহুবল-নবীগঞ্জের উন্নয়নে ড. রেজা কিবরিয়ার বিকল্প নেই।








