বাণিজ্য
সোস্যাল মিডিয়ায় টাকার নোটের ভিডিও প্রচারে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে টাকার নোট ব্যবহার করে প্রচারণা চালানোর বিষয়ে সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, আসল নোটের অনুরূপ কাগজ তৈরি, তা প্রচারণায় ব্যবহার কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বানিয়ে প্রদর্শন করা আইনত দণ্ডনীয় অপরাধ।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক জানায়, সম্প্রতি ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউবে এমন কিছু ভিডিও ও ছবি দেখা যাচ্ছে, যেখানে আসল নোটের নকশা ও আকারের অনুরূপ—কখনো আবার আসল নোটের চেয়েও বড় আকারের—নমুনা নোট ব্যবহার করে ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক প্রচারণা চালানো হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাজার বা উন্মুক্ত স্থানে আসল টাকার আদলে তৈরি কাগজ ব্যবহার করে বিভিন্ন ব্যবসায়িক প্রচারণা পরিচালনার ঘটনাও লক্ষ্য করা গেছে। এ ধরনের কর্মকাণ্ড জাল নোটের প্রচলন বৃদ্ধিতে সহায়ক হতে পারে এবং সামগ্রিক মুদ্রা ব্যবস্থাপনায় অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে।
বাংলাদেশ ব্যাংক সতর্ক করে জানায়, আসল নোট সদৃশ কাগজ তৈরি, তা প্রচারণায় ব্যবহার বা সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওচিত্র প্রস্তুত ও প্রদর্শন আইনত দণ্ডনীয় অপরাধ। বাংলাদেশ দণ্ডবিধি, ১৮৬০-এর ধারা ৪৮৯(৬) অনুযায়ী, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি প্রচলিত ব্যাংক নোটের সদৃশ এবং বিভ্রান্তি সৃষ্টিতে সক্ষম এমন নথি, কাগজ বা বস্তু প্রস্তুত, ব্যবহার বা বিতরণ করে, তবে তা অপরাধ হিসেবে গণ্য হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ ছাড়া ডিজিটাল মাধ্যমে মিথ্যা, বিভ্রান্তিকর বা গুজবমূলক তথ্য প্রচারের বিষয়টি সাইবার নিরাপত্তা আইন-এর ধারা ২৫ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে বলেও উল্লেখ করা হয়েছে।
সর্বশেষে, জাল নোটের প্রচলন প্রতিরোধে জনসাধারণকে অধিক সতর্ক থাকার আহ্বান জানিয়ে বাংলাদেশ ব্যাংক অননুমোদিত ও বিভ্রান্তিকর কনটেন্ট তৈরি এবং এ ধরনের প্রচারণা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে।







