জাতীয়
বাংলাদেশি ৭০ জেলেকে ফেরত দিচ্ছে আরাকান আর্মি

কক্সবাজারের টেকনাফের নাফ নদী ও বঙ্গোপসাগর এলাকা থেকে বিভিন্ন সময়ে ধরে নিয়ে যাওয়া অন্তত ৭০ জন বাংলাদেশি জেলেকে ফেরত দিতে সম্মত হয়েছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ)।
এসব জেলেকে ফেরত আনতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি প্রতিনিধিদল সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে টেকনাফের জালিয়া পাড়া ঘাট থেকে নাফ নদীর শূন্যরেখার (জিরো পয়েন্ট) উদ্দেশ্যে রওনা হয়েছে।
বিজিবির রামু সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, বিভিন্ন সময়ে ধরে নিয়ে যাওয়া জেলেদের মধ্যে অন্তত ৭০ জনকে ফেরত দিতে সম্মত হয়েছে আরাকান আর্মি। নাফ নদীর শূন্যরেখায় তাদের হস্তান্তর করা হবে। তারা দেশে ফেরার পর এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নাফ নদী ও বঙ্গোপসাগর এলাকায় মাছ ধরার সময় বিভিন্ন অভিযানে ট্রলারসহ ধরে নিয়ে যাওয়া অন্তত ২০০ জন জেলে এখনো আরাকান আর্মির হেফাজতে রয়েছেন। তাদের মধ্যে কিছু সংখ্যক রোহিঙ্গা থাকলেও অধিকাংশেই বাংলাদেশি নাগরিক।








