জাতীয়
টক শোতে জামায়াতকে নিয়ে দেওয়া বক্তব্যের ব্যাখ্যা দিলেন হান্নান মাসউদ

এনসিপি নেতা ও সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদের একটি বক্তব্যকে ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সেই বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন তিনি।
নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে হান্নান মাসউদ বলেন, ‘সম্প্রতি স্টার নিউজ এর একটি টক শোতে দেওয়া আমার বক্তব্যকে কেন্দ্র করে কিছু ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। বিষয়টি স্পষ্ট করার জন্য আমার অবস্থান পরিষ্কারভাবে তুলে ধরছি।’
তিনি বলেন, ‘আমি বলেছিলাম, আমাদের প্রত্যাশা ছিল আমরা এককভাবে ৩০০ আসনে ইলেকশন করব, সেখান থেকে ৩০০ আসনে ইলেকশন করে আমরা যদি ৬টা আসন পেতাম সেটা আরো বেশি সম্মানজনক মনে হতো। কিন্তু আসলে আমরা সেরকম পরিবেশ তৈরি করতে পারিনি। এ ছাড়া আমি বলেছিলাম, জামায়াতের সঙ্গে জোট করাটা ভুল ছিল বলব না। পরিবেশ এবং সময় সেদিকে যেতে বাধ্য করেছে। আমরা যদি না যেতাম আরো ভালো হতো।’
নোয়াখালী-৬ আসনের এ সংসদ সদস্য বলেন, ‘বক্তব্যের আরেকটি অংশে আমি বলেছিলাম, জামায়াতের সঙ্গে জোট না হলে এককভাবে এনসিপি হয়তো ৩-৪টি আসন পেত। কিন্তু কোথাও আমি বলিনি যে, জোট না করলে আমরা ৩-৪টি আসন বেশি পেতাম। এই দুটি বক্তব্য সম্পূর্ণ ভিন্ন অর্থ বহন করে।’
এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক তার পোস্টে আরও বলেন, ‘দুঃখজনকভাবে কিছু ব্যক্তি, পেজ ও নিউজ পোর্টাল আমার বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করছে এবং এমনভাবে প্রচার করছে যেন আমি বলেছি, জামায়াতের সঙ্গে জোট না করলে আমরা আরও ৩-৪টি আসন বেশি পেতাম। এটি আমার বক্তব্যের সম্পূর্ণ মনগড়া, উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর ব্যাখ্যা। আমি স্পষ্টভাবে জানাতে চাই-আমার বক্তব্য ছিল রাজনৈতিক বাস্তবতা, সম্ভাবনা ও আত্মসমালোচনার জায়গা থেকে; কাউকে দোষারোপ করা বা বিভ্রান্তিকর বার্তা দেওয়ার উদ্দেশ্যে নয়। সবার প্রতি অনুরোধ থাকবে, আমার বক্তব্য উদ্ধৃত করার ক্ষেত্রে সম্পূর্ণ প্রেক্ষাপট ও ভাষ্য বিবেচনায় নেওয়ার অনুরোধ রইল।’








