জাতীয়

জুলাইয়ে শহীদদের বিচার চাইলেন শহীদ ওসমান হাদীর বোন

ডেস্ক

শেয়ারঃ

জুলাইয়ে শহীদদের বিচার চাইলেন শহীদ ওসমান হাদীর বোন- খবরের থাম্বনেইল ফটো

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ঝালকাঠির নলছিটি কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে ভাই হত্যার বিচার দাবি করেছেন শহীদ ওসমান হাদীর বোন মাসুমা হাদী। তিনি বলেন, ‘ভাষা শহীদদের রক্ত যেমন বৃথা যায়নি, তেমনি জুলাই গণঅভ্যুত্থানে সকল শহীদের রক্তের ন্যায়বিচারও নিশ্চিত করতে হবে।’


শনিবার (২১ ফেব্রুয়ারি) ভোরে নলছিটি ফাজিল মাদরাসার শিক্ষার্থীদের একটি শোক র‍্যালি শহীদ মিনারে এসে পৌঁছায়। এরপর বিভিন্ন সংগঠন ও সর্বস্তরের মানুষ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।


শ্রদ্ধা নিবেদন শেষে মাসুমা হাদী বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে সাধারণ মানুষকে সর্বদা সজাগ থাকতে হবে। ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা যুদ্ধ এবং পরবর্তী প্রতিটি গণতান্ত্রিক সংগ্রামে শহীদদের রক্তই আমাদের পথ দেখিয়েছে। সেই ধারাবাহিকতায় অন্যায়, দাসত্ব ও আধিপত্যের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে।


মাতৃভাষার চর্চার ওপর গুরুত্বারোপ করে মাসুমা হাদী বলেন, ‘আমাদের সন্তানদের বাংলা ভাষা সঠিকভাবে পড়তে, লিখতে ও বলতে শেখাতে হবে। ভাষার মর্যাদা রক্ষা করার মাধ্যমেই শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো সম্ভব।’


দেশের ইতিহাসের প্রতিটি আত্মত্যাগ জাতিকে নতুন করে জাগ্রত করেছে উল্লেখ করে তিনি দাবি জানান, জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাদের হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। সকল শহীদের রক্তের মর্যাদা রক্ষায় রাষ্ট্রকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।


তিনি দৃঢ়তার সাথে বলেন, ‘যতদিন দেশে অন্যায় ও দাসত্ব থাকবে, ততদিন আমাদের সংগ্রাম চলবে। শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না।’ বক্তব্যের শেষে তিনি ‘বাংলাদেশ জিন্দাবাদ’ ও ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান দেন।


অনুষ্ঠানে অন্যান্য বক্তারা ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারির ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরার পাশাপাশি সাম্প্রতিক আন্দোলনে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরিশেষে, শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। কর্মসূচিতে স্থানীয় শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।


সম্পর্কিত খবর