বাণিজ্য

বন্ধ শিল্পকারখানা চালুতে নীতিগত সহায়তা দেবে বাংলাদেশ ব্যাংক: গভর্নর মোস্তাকুর রহমান

ডেস্ক

শেয়ারঃ

বন্ধ শিল্পকারখানা চালুতে নীতিগত সহায়তা দেবে বাংলাদেশ ব্যাংক: গভর্নর মোস্তাকুর রহমান- খবরের থাম্বনেইল ফটো

বন্ধ হয়ে যাওয়া শিল্পকারখানা পুনরায় চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে নীতিগত ও আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ ব্যাংক-এর নবনিযুক্ত গভর্নর মো. মোস্তাকুর রহমান। বৃহস্পতিবার সকালে দায়িত্ব গ্রহণের পর কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক অনানুষ্ঠানিক বৈঠকে তিনি এ আশ্বাস দেন।


বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে বাংলাদেশ ব্যাংক-এর মুখপাত্র আরিফ হোসেন খান জানান, নতুন গভর্নর ডেপুটি গভর্নর ও নির্বাহী পরিচালকদের সঙ্গে মতবিনিময়কালে অর্থনীতিকে প্রবৃদ্ধি ও কর্মসংস্থানমুখী করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন।


গভর্নর বলেন, সাম্প্রতিক সময়ে যে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জিত হয়েছে, তার ভিত্তির ওপর দাঁড়িয়ে এখন অর্থনীতিতে গতি ফেরানোই প্রধান লক্ষ্য। বিশেষ করে গত দেড় বছরে বন্ধ হয়ে যাওয়া শিল্পকারখানাগুলো পুনরায় সচল করতে নীতিগত সহায়তা, প্রয়োজনীয় অর্থায়ন সুবিধা এবং ব্যাংকিং খাতে সমন্বয় জোরদার করা হবে। এর মাধ্যমে উৎপাদন বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।


মুখপাত্র আরও জানান, কেন্দ্রীয় ব্যাংক একটি নিয়ন্ত্রক সংস্থা হওয়ায় গণমাধ্যমে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে গভর্নর সংযত থাকবেন। তবে তথ্যপ্রবাহ অব্যাহত রাখতে মুখপাত্রের মাধ্যমে নিয়মিত যোগাযোগ বজায় রাখা হবে।


বৈঠকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার সঙ্গে সামঞ্জস্য রেখে বাজার স্থিতিশীল রাখাকে অগ্রাধিকার দেওয়ার কথা উল্লেখ করেন গভর্নর। একই সঙ্গে বিনিয়োগে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে—এমন উচ্চ সুদের হার পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দেন তিনি।


প্রাতিষ্ঠানিক সুশাসন জোরদারে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে আরও নিয়মভিত্তিক ও বৈষম্যহীন করার ঘোষণা দেন মোস্তাকুর রহমান। পাশাপাশি কাজের গতি বাড়াতে ‘ডেলিগেশন অব অথরিটি’ বা ক্ষমতার বিকেন্দ্রীকরণের মাধ্যমে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের দায়িত্ব ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বাড়ানো হবে বলেও জানান তিনি।


সরকারের অন্যান্য নিয়ন্ত্রক সংস্থা ও অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করে গভর্নর বলেন, সম্মিলিত পদক্ষেপের মাধ্যমেই বিদ্যমান অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব। দেশের অর্থনীতিকে শক্তিশালী করা এবং কেন্দ্রীয় ব্যাংকের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।


সম্পর্কিত খবর