সারাদেশ
নিষিদ্ধ ঘোষিত আ.লীগ-যুবলীগের ইফতার ঘিরে ওসমানীনগরে আলোচনা-সমালোচনা

সিলেটের ওসমানীনগর উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীদের উদ্যোগে ইফতার আয়োজনকে কেন্দ্র করে স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
রোববার উপজেলার গোয়ালাবাজার এলাকার একটি অভিজাত রেস্টুরেন্টে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় বলে জানা গেছে। এতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জগলু চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি ইকবাল আহমদ, সাংগঠনিক সম্পাদক সুহেল আহমদসহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
ইফতার অনুষ্ঠানের ছবি ও ভিডিও গভীর রাতে ‘আমরা মাঠে আসছি’ নামের একটি ফেসবুক আইডি থেকে বার্তাসহ শেয়ার করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে সেগুলো ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়।
এ বিষয়ে স্থানীয় বিএনপির অল্পসংখ্যক নেতাকর্মী পাল্টা পোস্ট দিয়ে দাবি করেন, উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পরোক্ষ সহযোগিতায় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এ ইফতার আয়োজন করেছেন।
তবে অভিযোগ অস্বীকার করে ওসমানীনগর থানা-র অফিসার ইনচার্জ (ওসি) মুরশেদুল আলম ভূঁইয়া বলেন, প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের কোনো সহযোগিতা করা হয়নি। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যে আলোচনা চলছে, তা প্রশাসনের নজরে রয়েছে বলেও তিনি জানান।
এ ঘটনায় এলাকায় রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।







