আন্তর্জাতিক
শত্রুকে এক ইঞ্চি জমিও দখল করতে দেবে না ইরান: পেজেশকিয়ান

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় ইরান কোনো আপস করবে না এবং শত্রুকে দেশের এক ইঞ্চি জমিও দখল করতে দেওয়া হবে না।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রচারিত ভাষণে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, ইরান সব সময় প্রতিবেশী ভ্রাতৃপ্রতিম দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায়। তবে শত্রু শক্তিগুলো বিভিন্ন কৌশলে অঞ্চলজুড়ে বিভেদ ও অস্থিরতা তৈরির চেষ্টা করছে।
তিনি বলেন, ইরানের বিরুদ্ধে যদি অন্য কোনো দেশের ভূখণ্ড ব্যবহার করে হামলা চালানো হয়, তবে তার জবাব দিতে তেহরান বাধ্য হবে। তবে এর অর্থ এই নয় যে সেই দেশগুলোর সঙ্গে ইরানের সরাসরি বিরোধ রয়েছে।
পেজেশকিয়ান আরও বলেন, যারা ইরানের নিরাপত্তা ও সার্বভৌমত্বের ওপর আঘাত হানার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে দেশটি কঠোর ও শক্ত অবস্থান নেবে।
এ সময় তিনি জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। প্রেসিডেন্ট বলেন, দেশের মাটি ও পানি রক্ষায় সব নাগরিককে এগিয়ে আসতে হবে। জনগণের ঐক্য ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমেই ইরান তার ভূখণ্ড রক্ষা করবে এবং শত্রুকে কোনোভাবেই দেশের এক ইঞ্চি জমিও দখল করতে দেবে না।








