আন্তর্জাতিক
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মধ্য ইসরায়েলে নিহত ১, গুরুতর আহত ২

ইরানের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় মধ্য ইসরায়েলে একজন নিহত এবং আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। এই ক্ষেপণাস্ত্রগুলো ক্লাস্টার (গুচ্ছ) বোমা ছিল বলে ধারণা করা হচ্ছে।
ক্লাস্টার বোমা এমন একটি বিস্ফোরক অস্ত্র, যা আকাশ থেকে ফেলা বা ক্ষেপণাস্ত্রের মাধ্যমে নিক্ষেপ করা হলে মাঝপথে ভেঙে গিয়ে বহু ছোট বোমা (সাবমিউনিশন) ছড়িয়ে দেয়। এসব ছোট বোমা বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়ে এবং বিস্ফোরিত হয়।
টাইমস অব ইসরায়েল–এর খবরে বলা হয়েছে, জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) জানিয়েছে, হামলার সময় দুটি ভিন্ন স্থানে মোট তিনজন আহত হন।
সংস্থাটির তথ্য অনুযায়ী, একটি নির্মাণস্থলে শেল বা ধাতব টুকরার আঘাতে চল্লিশোর্ধ্ব দুই ব্যক্তি গুরুতর আহত হন। তাদের মধ্যে একজন পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অন্য আহত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।
ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্রে ক্লাস্টার মিউনিশন থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ায় উভয় পক্ষের মধ্যে ক্ষেপণাস্ত্র হামলা ও পাল্টা হামলার ঘটনা বৃদ্ধি পেয়েছে।








