আন্তর্জাতিক

ইরানের ‘সবচেয়ে শক্তিশালী’ অভিযান শুরুর দাবি আইআরজিসির

ডেস্ক

শেয়ারঃ

ইরানের ‘সবচেয়ে শক্তিশালী’ অভিযান শুরুর দাবি আইআরজিসির- খবরের থাম্বনেইল ফটো

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, চলমান যুদ্ধ শুরুর পর থেকে তারা ‘সবচেয়ে তীব্র ও শক্তিশালী সামরিক অভিযান’ শুরু করেছে। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জানিয়েছে, গত রাতে ইসরাইলের বিভিন্ন লক্ষ্যবস্তু এবং অঞ্চলটিতে থাকা মার্কিন স্থাপনাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।


আইআরজিসি এক বিবৃতিতে বলেছে, সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু নির্ধারণ করে তাদের ধারাবাহিক আক্রমণ অব্যাহত থাকবে। তারা আরও জানিয়েছে, শত্রুর সম্পূর্ণ আত্মসমর্পণ ছাড়া এই সংঘাতের অন্য কোনো পরিণতি তারা বিবেচনা করছে না। সংস্থাটির ভাষ্য, ইরানের ভূখণ্ড থেকে যুদ্ধের হুমকি পুরোপুরি দূর না হওয়া পর্যন্ত তাদের অভিযান চলবে।


এদিকে, যুক্তরাষ্ট্রও সংঘাতে কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছে। মঙ্গলবার পেন্টাগনে আয়োজিত এক ব্রিফিংয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, শত্রু পুরোপুরি ও চূড়ান্তভাবে পরাজিত না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র পিছু হটবে না।


অন্যদিকে বুধবার সকালে ইসরাইলের মধ্যাঞ্চলে সতর্কতা সাইরেন বেজে ওঠে। ইসরাইল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের আশঙ্কায় এই সতর্কতা জারি করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।


বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই পাল্টাপাল্টি হুমকি ও হামলার কারণে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়তে পারে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে বৈশ্বিক জ্বালানি ও খাদ্যবাজারেও এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।


সম্পর্কিত খবর