আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্র এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে

ইরানের সঙ্গে চলমান উত্তেজনার কারণে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তেল ও গ্যাসের সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ডগ বার্গাম বলেছেন, এই অঞ্চলে ‘নির্ভরযোগ্য’ জ্বালানি সরবরাহ করতে পারে যুক্তরাষ্ট্র। তিনি এই মন্তব্য করেছেন টোকিওতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে।
বার্গাম বলেন, “যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির লক্ষ্য হলো আমাদের দেশের সমৃদ্ধির জন্য প্রয়োজনীয় জ্বালানি নিশ্চিত করা এবং বন্ধু ও মিত্র দেশগুলোর কাছে জ্বালানি বিক্রির সক্ষমতা বজায় রাখা।”
তিনি আরও বলেন, “এ অঞ্চলে নির্ভরযোগ্য, সাশ্রয়ী ও নিরাপদ জ্বালানি সরবরাহ কোনো সন্ত্রাসী শাসনের দ্বারা বাধাগ্রস্ত হতে পারে না।”
বার্গাম বৈঠকে গুরুত্বপূর্ণ বিরল খনিজের নিরাপদ সরবরাহের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন। এ সভায় অংশ নেন এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১৭ দেশের প্রতিনিধিরা।








