তথ্যপ্রযুক্তি
৩ ট্রেনে পরীক্ষামূলক স্টারলিংক ইন্টারনেট চালু

সরকার দেশের সব বিমানবন্দর ও রেলওয়ে স্টেশনে ফ্রি ওয়াইফাই সুবিধা চালুর উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) প্রথমবারের মতো চলন্ত ট্রেনে পরীক্ষামূলকভাবে স্যাটেলাইটভিত্তিক উচ্চগতির ‘স্টারলিংক’ ইন্টারনেট সেবা চালু করেছে।
শুক্রবার থেকে দেশের কয়েকটি জনপ্রিয় ও ভিআইপি আন্তঃনগর ট্রেনে এই ফ্রি ওয়াইফাই সেবা পাওয়া যাচ্ছে। প্রথম ধাপে তিনটি ট্রেনে এই সুবিধা পাওয়া যাবে, যেগুলো হলো: পর্যটক এক্সপ্রেস, উপবন এক্সপ্রেস এবং বনলতা এক্সপ্রেস।
গত বুধবার রেলওয়েতে পরীক্ষামূলকভাবে স্টারলিংক কার্যক্রম পর্যবেক্ষণ করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ। তিনি বলেন, “সরকার দেশের কানেক্টিভিটি বাড়াতে নানা উদ্যোগ নিচ্ছে। চলন্ত ট্রেনে স্টারলিংক ইন্টারনেট চালুর এই উদ্যোগ তারই অংশ। যাত্রীরা এখন কিউআর কোড স্ক্যান করে সহজেই ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এটি আপাতত পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। ভবিষ্যতে সেবাটি আরও উন্নত করা হবে।”
বিএসসিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইমাদুর রহমান বলেন, “সরকারের ইশতেহার অনুযায়ী, বিএসসিএল দেশের ডিজিটাল কানেক্টিভিটি উন্নয়নে কাজ করছে।”







