আন্তর্জাতিক
চীন যুক্তরাষ্ট্রকে ভুল বাণিজ্যনীতি সংশোধনের আহ্বান জানিয়েছে

গত সপ্তাহে প্যারিসে অনুষ্ঠিত আলোচনার পর চীন মার্কিন বাণিজ্য তদন্তের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে ‘ভুল নীতি সংশোধন’ এবং আলোচনার মাধ্যমে বিরোধ সমাধানের আহ্বান জানিয়েছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ জানিয়েছে, তারা প্যারিসে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে চলমান আলোচনায় এই উদ্বেগ ও অভিযোগ আনুষ্ঠানিকভাবে উত্থাপন করেছে।
ওয়াশিংটনের বাণিজ্য তদন্তে চীনসহ ৬০টি অর্থনীতিকে লক্ষ্য করা হয়েছে। এতে দেখা হবে ‘বাধ্যতামূলক শ্রমের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে কি না’ এবং এগুলো মার্কিন বাণিজ্যকে সীমিত করছে কি না।
এর আগের দিন যুক্তরাষ্ট্র ১৬টি বাণিজ্যিক অংশীদারের ওপর অতিরিক্ত শিল্প ক্ষমতা সম্পর্কিত একটি তদন্ত শুরু করে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এটি ‘রাজনৈতিক ছলনা’ হিসেবে সমালোচনা করেছে।
চীনের বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, “আমরা মার্কিন পক্ষকে অনুরোধ করছি, অবিলম্বে ভুল পদ্ধতি সংশোধন করুন, মধ্যপন্থায় আসুন এবং সব বিষয় সংলাপের মাধ্যমে সমাধান করুন।” তারা নতুন তদন্তকে ‘একতরফা, স্বেচ্ছাচারী ও বৈষম্যমূলক’ হিসেবে অভিহিত করেছে এবং মার্কিন পক্ষের ‘বাণিজ্য বাধা তৈরির চেষ্টা’ করার অভিযোগ তুলেছে।
উভয় দেশের বাণিজ্য কর্মকর্তারা রবিবার প্যারিসে আলোচনা শুরু করেন। বৈঠক দুই দিন ধরে চলবে।
মানবাধিকার সংস্থা ও জাতিসংঘ বিশেষজ্ঞরা চীনের শিনজিয়াং অঞ্চলে সংখ্যালঘুদের ওপর জোরপূর্বক শ্রমের অভিযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বেইজিং এসব অভিযোগকে ‘মনগড়া’ বলে অস্বীকার করেছে।
দুই ধরনের বাণিজ্য তদন্ত কয়েক মাসে শেষ হতে পারে। তবে ফেব্রুয়ারিতে মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্পের শুল্ক ব্যবস্থা বাতিলের পর নতুন শুল্ক আরোপের সুযোগ খুলে দিয়েছে।
ওয়াশিংটন জানিয়েছে, ট্রাম্প ৩১ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত চীন সফর করবেন, যদিও বেইজিং এখনও তা নিশ্চিত করেনি। ট্রাম্প ফিনান্সিয়াল টাইমসকে জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি শীর্ষ বৈঠক পিছিয়ে দিতে পারে।








