সারাদেশ
পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে যাত্রীর চাপ বেড়লেও ভোগান্তি নেই

ঈদকে সামনে রেখে পরিবার-পরিজনের সঙ্গে ঘরমুখী মানুষের ঢল নেমেছে দেশের বিভিন্ন প্রান্তে। এর প্রভাব পড়েছে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট নৌরুটে, যেখানে যাত্রী ও যানবাহনের চাপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে এখন পর্যন্ত কোনো ভোগান্তির খবর পাওয়া যায়নি।
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের যাতায়াতের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হিসেবে পরিচিত এই নৌরুটগুলোতে যাত্রী পারাপার স্বাভাবিক রাখতে সমন্বিতভাবে কাজ করছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি), জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসির ডিজিএম আব্দুস সালাম জানান, পাটুরিয়া-দৌলতদিয়া রুটে বর্তমানে ১৭টি ফেরি চলাচল করছে। আরিচা-কাজীরহাট নৌপথে রয়েছে ৫টি ফেরি। এছাড়া যাত্রী পারাপার নির্বিঘ্ন রাখতে ৩৫টি লঞ্চ চালু রাখা হয়েছে। ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং যানজট এড়াতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
আবহাওয়া অনুকূলে থাকায় এবং যথাযথ ব্যবস্থাপনার কারণে এবারের ঈদযাত্রা এখন পর্যন্ত স্বস্তিদায়ক হয়েছে। তবে যাত্রীর চাপ আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।








