আন্তর্জাতিক
ফের ক্ষমতায় এলে সব বিরোধী নেতাকে জেলে ভরবেন মোদি: কেজরিওয়াল

দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, নরেন্দ্র মোদি আবার নির্বাচনে জিতলে সব বিরোধী রাজনৈতিক নেতাকে কারাবন্দি করতে পারেন। তিনি এই পরিস্থিতিকে গণতন্ত্র ও দেশের জন্য ক্ষতিকর বলে অভিহিত করেন।
ইন্ডিয়া টুডেকে দেয়া সাক্ষাৎকারে কেজরিওয়াল উল্লেখ করেন, “রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বিরোধীদের প্রথমে কারাবন্দি বা হত্যা করে নির্বাচনের পথে এগিয়েছেন। বাংলাদেশে শেখ হাসিনা সব বিরোধী নেতাকে কারাবন্দি করে নির্বাচনে জিতেছেন। পাকিস্তানে ইমরান খানকেও কারাবন্দি করে নির্বাচন হয়েছে।”
তিনি আরও বলেন, “ভারতেও নির্বাচন ঘোষণার পর আমাকে ও তিন আম আদমি নেতা কারাবন্দি করা হয়েছিল। এনসিপি ও শিব সেনাকে বিভক্ত করা হয়েছে। মোদি পুনরায় ক্ষমতায় এলে সব বিরোধী নেতাকে কারাবন্দি করা হবে। ভারতের শুধু একটি দল এবং একজন নেতা থাকবে।”
কেজরিওয়াল এই পরিস্থিতিকে গণতন্ত্রের জন্য ‘খুবই ক্ষতিকর’ হিসেবে আখ্যায়িত করেছেন।








