আন্তর্জাতিক
ইরানে তথ্য পাচারের অভিযোগে যুবকের মৃত্যুদণ্ড কার্যকর

ইসরায়েলের জন্য গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। বুধবার (১৮ মার্চ) দেশটির বিচার বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।
বিচার বিভাগের ওয়েবসাইট মিজান অনলাইন সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তির নাম কৈরৌশ কীভানি। তার বিরুদ্ধে দেশের সংবেদনশীল স্থাপনা সম্পর্কিত ছবি ও গুরুত্বপূর্ণ তথ্য ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ-কে সরবরাহ করার অভিযোগ প্রমাণিত হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, কীভানি নিয়মিত মোসাদের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখতেন এবং তাদের নির্দেশনা অনুযায়ী তথ্য আদান-প্রদান করতেন। এছাড়া তিনি ইউরোপের একাধিক দেশ ও তেল আবিবে প্রশিক্ষণ নিয়েছিলেন।
ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার পর এটি প্রথম প্রকাশ্যে ঘোষিত মৃত্যুদণ্ড কার্যকর।
গেল ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেই প্রেক্ষাপটে ইরান অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করেছে এবং গুপ্তচরবৃত্তির অভিযোগে একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।








