সারাদেশ
ঈদুল ফিতরের দিনে বৃষ্টি হওয়ার সম্ভাবনা

চাঁদ দেখা সাপেক্ষে দেশে আগামী ২০ অথবা ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এই দুই দিন দেশের বিভিন্ন অঞ্চলে হালকা বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
২০ মার্চ রংপুর, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেটের কিছু জায়গায়, এবং বরিশাল ও খুলনার দু-একটি এলাকায় দমকা বা ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময়ে দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
অন্যদিকে, ২১ মার্চও প্রায় একই ধরনের আবহাওয়া বজায় থাকতে পারে। ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কিছু জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।








