আন্তর্জাতিক
ইরান ভারত মহাসাগরে মার্কিন-ব্রিটিশ ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে

ইরান সম্প্রতি ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়ায় অবস্থিত মার্কিন-ব্রিটিশ যৌথ সামরিক ঘাঁটি লক্ষ্য করে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে বলা হয়, ক্ষেপণাস্ত্র দুটি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারেনি। ঘাঁটি ইরান থেকে প্রায় ৪ হাজার কিলোমিটার দূরে অবস্থিত।
খবরে উল্লেখ করা হয়েছে, একটি ক্ষেপণাস্ত্র উড়ন্ত অবস্থাতেই বিকল হয়ে পড়ে। অন্যটি একটি মার্কিন যুদ্ধজাহাজ থেকে ছোড়া প্রতিরোধমূলক ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু হয়, তবে তা ধ্বংস হয়েছে কি না, তা স্পষ্ট নয়।
দিয়েগো গার্সিয়া চাগোস দ্বীপপুঞ্জের একটি প্রধান দ্বীপ, যেখানে যুক্তরাষ্ট্র বোমারু বিমানসহ অন্যান্য সামরিক সরঞ্জাম মোতায়েন করে রেখেছে। এটি এশীয় অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ সামরিক কেন্দ্র। ব্রিটেন দ্বীপপুঞ্জের নিয়ন্ত্রণ মরিশাসকে ফেরত দিয়েছে, তবে দিয়েগো গার্সিয়ায় সামরিক ঘাঁটির ইজারা বহাল রেখেছে।








