সারাদেশ
জ্বালানি সংকটে দেশজুড়ে পেট্রোল পাম্প বন্ধের আশঙ্কা, সতর্ক পাম্প মালিকরা

চলমান জ্বালানি সংকট ও নিরাপত্তা ঝুঁকির কারণে দেশের পেট্রোল পাম্পগুলো যেকোনো সময় বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন (বিপিপিওএ)।
রোববার রাতের বিজ্ঞপ্তিতে সংগঠনটি দেশজুড়ে পেট্রোল পাম্পগুলোর পরিস্থিতি “অত্যন্ত করুণ” হিসেবে বর্ণনা করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তেল কোম্পানিগুলো থেকে প্রতিদিন যে পরিমাণ জ্বালানি সরবরাহ করা হচ্ছে, তা দিয়ে ক্রেতাদের চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না।
“মোটরসাইকেল চালক ও অন্যান্য ব্যবহারকারীরা ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে বিরক্ত ও ক্লান্ত হয়ে পড়ছেন। একই সঙ্গে জ্বালানি সরবরাহকারী নজেলম্যানরাও ক্রেতাদের সঙ্গে কথাকাটাকাটি ও ঝামেলা সামলাতে পারছেন না, যা তাদের জন্য অত্যন্ত কষ্টদায়ক,” উল্লেখ করা হয়েছে।
সংগঠনটি সতর্ক করে দিয়েছে, তেল সরবরাহের ঘাটতি এবং নিরাপত্তা ঝুঁকির কারণে যে কোনো সময় দেশের সব পেট্রোল পাম্প বন্ধ হয়ে যেতে পারে।
বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও তেল কোম্পানিগুলোর কাছে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে, যাতে জ্বালানি সরবরাহ ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা যায়।







