আন্তর্জাতিক
হরমুজ প্রণালি নিয়ে হুমকিতে উদ্বিগ্ন নয় ইরান: আব্বাস আরাগচি

হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চাপ ও হুমকিতে ইরান কোনোভাবেই প্রভাবিত হবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। খবর আলজাজিরার।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, হরমুজ প্রণালি `বন্ধ নয়’। জাহাজ চলাচলে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তা ইরানের কারণে নয়। আরাগচি আরও জানান, “জাহাজগুলো দ্বিধায় রয়েছে, কারণ বিমা কোম্পানিগুলো সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতিকে ভয় পাচ্ছে, ইরানকে নয়। আর কোনো হুমকিতে কোনো বিমা কোম্পানি বা কোনো ইরানি প্রভাবিত হবে না।”
এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে হরমুজ প্রণালিতে উত্তেজনা বৃদ্ধি ও বিঘ্ন সৃষ্টির জন্য সরাসরি দায়ী করেছে।
এই বক্তব্যের মাধ্যমে তেহরান স্পষ্ট করে দিয়েছে যে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি নিয়ে তারা কঠোর অবস্থান বজায় রাখবে এবং বহিরাগত চাপের কাছে নতি স্বীকার করবে না।
বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালি বিশ্ব জ্বালানি সরবরাহে অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায়, ইরানের এই কড়া অবস্থান মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়াতে পারে।








