সারাদেশ
রাজকীয় আয়োজনে সাবেক ইমামের বিদায়

চরফ্যাশন উপজেলার ওমরপুর ইউনিয়নের রহমানিয়া জামে মসজিদের সাবেক ইমাম আলহাজ্ব মৌলভী আবদুর রশীদের সম্মানে বর্ণাঢ্য বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, তিনি দীর্ঘ ৪১ বছর ধরে রহমানিয়া জামে মসজিদে খতিব হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্ব থেকে অবসরের প্রায় ১০ বছর পর পবিত্র ঈদের দিনে মসজিদ কমিটি ও এলাকাবাসী তার সম্মানে এই বিদায় অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে তাকে ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়।
এ সময় সাবেক খতিব আবদুর রশীদের কর্মজীবন স্মরণ করে মসজিদ কমিটির সভাপতি মিজানুর রহমান বলেন, “তিনি ৪১ বছর অত্যন্ত নিষ্ঠা ও সততার সঙ্গে খতিবের দায়িত্ব পালন করেছেন। তার ন্যায়পরায়ণতা, শাসনে স্বচ্ছতা এবং সাধারণ মানুষের প্রতি গভীর মমত্ববোধ তাকে সবার হৃদয়ে বিশেষ স্থান করে দিয়েছে।”
এছাড়াও মসজিদ কমিটির সেক্রেটারি হাফিজ কাজি, কোষাধ্যক্ষ মজিবুর রহমান এবং তার চাচাতো ভাইসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন এবং তার কর্মজীবনের বিভিন্ন স্মৃতি তুলে ধরেন।
উল্লেখ্য, বর্তমানে একই মসজিদে ইমামতির দায়িত্ব পালন করছেন তারই ছেলে মাওলানা ফরিদ উদ্দিন।







