বিনোদন
দেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য সবাক চলচ্চিত্রের গায়িকা মাহবুবা রহমান মারা গেছেন

দেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশ-এর গায়িকা, একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯২ বছর। তিনি ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, জানিয়েছেন সংগীতশিল্পী রুমানা ইসলাম।
রুমানা ইসলাম জানান, বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। শুক্রবার মগবাজার ওয়্যারলেস জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে এবং বাদ জুমা মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।
মাহবুবা রহমান ১৯৩৫ সালে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। মাত্র ১২ বছর বয়সে ‘অল ইন্ডিয়া রেডিও’-র ঢাকা কেন্দ্র থেকে তার গান প্রথম প্রচারিত হয়।
পঞ্চাশ ও সত্তরের দশকে তিনি রেডিও ও চলচ্চিত্রের জনপ্রিয় কণ্ঠশিল্পীদের একজন ছিলেন। বিশেষ করে পল্লিগীতি ও আধুনিক গানে তার খ্যাতি ছিল অসাধারণ। দেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশ-এ সমর দাসের সুরে তিনি গেয়েছিলেন “মনের বনে দোলা লাগে”, যা তাকে ব্যাপক পরিচিতি এনে দেয়।
তার অন্যান্য উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে রয়েছে ‘নিরালা রাতের প্রথম প্রহরে’, ‘তোমাকে ভালোবেসে অবশেষে কী পেলাম’সহ বহু গান। এছাড়া তিনি জাগো হুয়া সাভেরা, আসিয়া, এ দেশ তোমার আমার, যে নদী মরুপথে, কখনো আসেনি, সূর্যস্নান, সোনার কাজল, রাজা সন্ত্রাসী, নবাব সিরাজউদ্দৌলা, সাত ভাই চম্পাসহ বহু চলচ্চিত্রে নেপথ্য কণ্ঠ দিয়েছেন।







