সারাদেশ
ডিজেলসংকটে নৌকা চলাচল বন্ধ, বিপাকে শরীয়তপুরের হাজারো জেলে

শরীয়তপুরের নড়িয়া উপজেলার চরমোহন গ্রামের ৫৫ বছর বয়সী জেলে সিরাজুল ইসলাম ঢালী দীর্ঘ ৪৫ বছর ধরে নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করছেন। বর্তমানে ছয়জন শ্রমিক নিয়ে ইঞ্জিনচালিত নৌকায় মাছ ধরেন তিনি। কিন্তু ডিজেলসংকটে সাত দিন ধরে নৌকা নদীতে যেতে পারছেন না।
শুধু সিরাজুল ইসলামই নন, জেলার কয়েক হাজার জেলে একই সমস্যার মুখোমুখি। নদীতীরবর্তী হাটবাজারগুলোতে ডিজেলের সংকটের কারণে নৌকা বন্ধ রয়েছে। কেউ কেউ বাধ্য হয়ে অতিরিক্ত দামে তেল কিনে নদীতে যাচ্ছেন। লিটারপ্রতি ডিজেলের মূল্য ৫০–৬০ টাকা বেশি দিতে হচ্ছে।
সিরাজুল ইসলাম বলেন, “অভাবের সংসারে ১০ বছর বয়সে বাবার সঙ্গে নদীতে নামি। এত বছরেও ভাগ্যের খুব একটা পরিবর্তন হয়নি। শুধু নৌকায় ইঞ্জিন বসেছে। এখন সেই ইঞ্জিনই বিপদের কারণ। বাজারে তেল পাচ্ছি না, তাই সাত দিন ধরে নৌকা বন্ধ। পরিবার ও শ্রমিকদের নিয়ে বিপাকে আছি—জীবনে এমন পরিস্থিতিতে পড়িনি।”
জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, শরীয়তপুরের ওপর দিয়ে পদ্মা ও মেঘনা নদী প্রবাহিত। জাজিরার নাওডোবা থেকে গোসাইরহাট উপজেলার নলমুরি পর্যন্ত প্রায় ৭১ কিলোমিটার নদীপথে ৩৩ হাজার জেলে মাছ ধরেন।
আগে বইঠাচালিত নৌকা ব্যবহৃত হলেও এখন অধিকাংশ নৌকায় ইঞ্জিন বসানো হয়েছে। জেলায় অন্তত ১২ হাজার ইঞ্জিনচালিত নৌকা রয়েছে, যা চালাতে দৈনিক ৩৫–৪০ হাজার লিটার ডিজেল প্রয়োজন।
নদীতীরবর্তী হাটবাজারে ব্যবসায়ীরা জেলেদের কাছে ডিজেল বিক্রি করেন, তবে সাম্প্রতিক দিনে তেলের সরবরাহ চাহিদা মেটাতে পারছেন না। কোথাও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগও উঠেছে।
গোসাইরহাট উপজেলার গরিবেরচর এলাকার জেলে আবু সুফিয়ান (৪০) বলেন, “ঈদের পর থেকে তেলসংকটে পড়েছি। সুরেশ্বর বাজারে দুই লিটার করে ডিজেল পাওয়া যাচ্ছে, প্রতি লিটার ১৬০ টাকা। এ তেল দিয়ে দুই-তিন ঘণ্টা মাছ ধরা যায়। কত দিন এভাবে চলবে, জানি না।”
সুরেশ্বর বাজারের ব্যবসায়ী রিফাত হোসেন বলেন, চাঁদপুরের মেঘনা পেট্রোলিয়াম ডিপো থেকে তেল এনে বিক্রি করেন। প্রতিদিন ৩–৪ হাজার লিটার চাহিদা থাকলেও ডিপো থেকে পর্যাপ্ত সরবরাহ পাচ্ছেন না। অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ অস্বীকার করেছেন।
শরীয়তপুর জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, “ঈদের আগে জেলেদের জ্বালানি তেল পেতে কোনো সমস্যা হয়নি। ঈদের পর নদীতীরবর্তী হাটবাজারে তেলের সংকট তৈরি হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। শিগগিরই সমস্যা সমাধান হবে।”







