আন্তর্জাতিক
ইরাকের জনগণকে ধন্যবাদ জানালেন ইরানের সর্বোচ্চ নেতা
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে চলমান যুদ্ধে সমর্থন দেওয়ায় ইরাকের জনগণকে ধন্যবাদ জানিয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। লিখিত এক বার্তায় তিনি এ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রোববার ইরানি গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। পরে এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে এনডিটিভি।
মোজতবা খামেনির প্রকাশ্যে না আসা নিয়ে তার শারীরিক অবস্থা ও অবস্থান নিয়ে বিভিন্ন জল্পনা চলছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ও কয়েকজন কর্মকর্তা ইঙ্গিত দিয়েছেন, বিমান হামলায় আহত হলেও তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।
ইরানের সংবাদ সংস্থা আইএসএনএ জানায়, ইরানের বিরুদ্ধে আগ্রাসনের ঘটনায় তেহরানের প্রতি সমর্থন জানানোয় ইরাকের সর্বোচ্চ ধর্মীয় কর্তৃপক্ষ এবং দেশটির জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মোজতবা খামেনি। এ সময় তিনি ইরাকভিত্তিক গ্র্যান্ড আয়াতুল্লাহ আলী সিস্তানির কথাও উল্লেখ করেন।
আইএসএনএর প্রতিবেদনে বলা হয়, শিয়া রাজনৈতিক দল ইসলামিক সুপ্রিম কাউন্সিল অব ইরাক এবং বাগদাদে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের মধ্যে বৈঠকের পর এ বার্তাটি দেওয়া হয়। তবে বার্তাটি কীভাবে পাঠানো হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।






