সারাদেশ
ফেনীতে অনুষ্ঠিত হলো ‘কমিউনিটি ঈদ রান সিজন–০১’

পবিত্র ঈদকে সামনে রেখে ফেনী রানার্স কমিউনিটির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘কমিউনিটি ঈদ রান সিজন–০১’। শুক্রবার ভোর ৫টা ৩০ মিনিটে ফেনী কলেজ মাঠ থেকে এই কমিউনিটি রান শুরু হয়। এতে ফেনীর বিভিন্ন এলাকা থেকে আগত রানাররা অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, রানটির নির্ধারিত রুট ছিল ফেনী কলেজ গেট থেকে মাস্টারপাড়া হয়ে আলোকদিয়া সড়ক দিয়ে স্বপ্ন সেতুর আগ পর্যন্ত প্রায় ৩ দশমিক ৭৫ কিলোমিটার। নির্ধারিত পয়েন্টে ইউ-টার্ন নিয়ে অংশগ্রহণকারীরা পুনরায় কলেজ মাঠে ফিরে আসেন। এতে মোট ৭ দশমিক ৫ কিলোমিটার পথ অতিক্রম করেন রানাররা।
আয়োজকদের মতে, ফেনীর রানারদের মধ্যে পারস্পরিক বন্ধন জোরদার করা এবং সুস্থ জীবনধারা উৎসাহিত করার লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে। এটি ছিল মূলত একটি বন্ধুত্বপূর্ণ কমিউনিটি মিটআপভিত্তিক রান, যেখানে কোনো আনুষ্ঠানিক প্রতিযোগিতা রাখা হয়নি।
এই আয়োজনের অফিসিয়াল টাইটেল স্পন্সর ছিল ওয়ার্ল্ড মোটরস করপোরেশনের আধুনিক প্রযুক্তির ইলেকট্রিক স্কুটার ইকুটার (ECOOTER), যার মূল প্রতিপাদ্য ‘স্বল্প খরচে চলবে বহুদূর’। এছাড়া ইভেন্টটি পাওয়ার্ড বাই গ্রাফটপ (Graftop) ছিল।
ফেনী রানার্স কমিউনিটি স্পন্সর ও সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জানায়, সবার সম্মিলিত সহযোগিতায় আয়োজনটি সফলভাবে সম্পন্ন হয়েছে। ভবিষ্যতেও ফেনীতে রানিং কালচারকে এগিয়ে নিতে এ ধরনের কমিউনিটি-ভিত্তিক আয়োজন অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।






