আন্তর্জাতিক
এবার নিখোঁজ পাইলটকে উদ্ধারের দাবি ট্রাম্পের

ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমান এফ-১৫ই এর নিখোঁজ দ্বিতীয় ক্রু সদস্যকে উদ্ধারের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশাল পোস্টে লিখেছেন, গত কয়েক ঘণ্টায় মার্কিন সামরিক বাহিনী একটি অত্যন্ত উচ্চ ঝুঁকিপূর্ণ অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনা করে ওই ক্রু সদস্যকে নিরাপদে উদ্ধার করেছে এবং তিনি সুরক্ষিত আছেন। খবর সিএনএন ও আল-জাজিরার।
এর আগে জেটটি ধ্বংস হবার পর প্রথম ক্রু সদস্যকে দ্রুত উদ্ধার করা হয়েছিল এবং তিনি চিকিৎসাধীন রয়েছেন।
ট্রাম্প দাবি করেছেন এটি মিলিটারি ইতিহাসের প্রথমবার যে এত গভীরে শত্রুর এলাকায় একই সময়ে দুই মার্কিন পাইলটকে পৃথকভাবে উদ্ধার করা হলো।
এর আগে আল-জাজিরা রোববার (৫ এপ্রিল) সকালে জানায়, মার্কিন যুদ্ধবিমানের দ্বিতীয় পাইলটকে উদ্ধার করার তথ্য জানিয়েছেন দেশটির সরকারি কর্মকর্তারা। এর কিছুক্ষণ পরই ওই সূত্রটি আরও জানায়, দ্বিতীয় ক্রুকে বের করে আনা সম্ভব হয়নি এখনো।
আল-জাজিরা বলেছে, যুক্তরাষ্ট্রের সূত্রটি জানিয়েছে, শনিবার রাতে নিখোঁজ বিমানের ক্রুকে শনাক্ত করা সম্ভব হয়। এরপর তাকে উদ্ধারে অভিযান শুরু হয়। কিন্তু তখন ব্যাপক বাধার মুখেও পড়তে হয় তাদের।
আর সেখানে এখনো লড়াই চলার কারণে ওই ক্রুকে ইরানের ভেতর থেকে বের করে আনা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে ওই ক্রু এবং যারা তাকে উদ্ধার করেছে সেসব উদ্ধারকারী সেনারা হয়ত ঝুঁকির মধ্যে পড়েছেন।
যেহেতু ক্রুকে ইরান থেকে বের করে আনা সম্ভব হয়নি। তাই সেখানে এখনো সক্রিয় অভিযান চলছে।
বিমানটি মূলত ভূপাতিত হয়েছে ইরানের দেহদাস্তে। সেখানে রাতভর হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে বেশ কয়েকজন মানুষ নিহত হয়েছেন।
গত শুক্রবার বিমানটি ভূপাতিত করার পরই ওই পাইলটকে খুঁজে বের করার চেষ্টা শুরু করে যুক্তরাষ্ট্র।
তাদের পাশাপাশি ইরানও ওই পাইলটকে খুঁজতে থাকে। এমনকি তারা সাধারণ মানুষকেও এতে যোগ দিতে আহ্বান জানিয়েছিল।







