সারাদেশ
মাদারীপুর ডাসারে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত

মাদারীপুর জেলার ডাসার উপজেলায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘ঘুড়ি উৎসব-২০২৬’।
‘মাদক নয়, উড়াই ঘুড়ি, আলোকিত সমাজ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ মঙ্গলবার উপজেলা মাঠে বাংলাদেশ ইয়ুথ ফার্স্ট কনসার্নস (বিওয়াইএফসি)-এর আয়োজনে দিনব্যাপী এ উৎসব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রোগ্রাম ম্যানেজার জয় হালদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়ের উপপরিচালক মো. রবিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাসার থানার সাব-ইন্সপেক্টর নুরুল ইসলাম ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুজ্জামান।
এছাড়াও উপস্থিত ছিলেন ডাসার প্রেসক্লাবের সভাপতি সৈয়দ রাকিবুল ইসলাম, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি সুনীথ কুমার, নবগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহদেব বাড়ৈ, সনমান্দী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা ইসরাত ইমামসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং আয়োজক সংগঠনের স্থানীয় কর্মকর্তা-কর্মচারীরা।
এসময় বক্তারা বলেন, তরুণ সমাজকে মাদক ও ডিজিটাল আসক্তি থেকে দূরে রেখে সুস্থ বিনোদনের দিকে আকৃষ্ট করতেই এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
একইসঙ্গে গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপরও তারা গুরুত্বারোপ করেন।
উৎসবে উপজেলার ৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়ে রঙিন ঘুড়ি উড়িয়ে আকাশ রাঙিয়ে তোলে। এছাড়া ছিল ছেলেদের জন্য মোরগের লড়াই, মেয়েদের জন্য বালিশ বদল, নৃত্য ও সংগীত পরিবেশনসহ বিভিন্ন প্রতিযোগিতা এবং দর্শকদের জন্য হাঁড়ি ভাঙার আয়োজন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শশিকর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রবীর কুমার হালদার। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।







