আন্তর্জাতিক
ইরানের সঙ্গে যুদ্ধবিরতিকে ‘বিজয়’ দাবি করল যুক্তরাষ্ট্র

ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে ‘বিজয়’ বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক বিবৃতিতে বলেন, এটি যুক্তরাষ্ট্রের জন্য একটি বিজয়, যা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং আমাদের অসাধারণ সামরিক বাহিনী সম্ভব করেছে।
তিনি আরও বলেন, অপারেশন এপিক ফিউরি’র শুরু থেকেই প্রেসিডেন্ট ট্রাম্প ধারণা করেছিলেন যে এটি ৪–৬ সপ্তাহের একটি অভিযান হবে। আমাদের যোদ্ধাদের অবিশ্বাস্য সক্ষমতার কারণে আমরা ৩৮ দিনের মধ্যেই আমাদের মূল সামরিক লক্ষ্য অর্জন করেছি—এমনকি তা ছাড়িয়েও গেছি।
লেভিট বলেন, আমাদের সামরিক বাহিনীর সাফল্য সর্বোচ্চ চাপ সৃষ্টি করেছে, যার ফলে প্রেসিডেন্ট ট্রাম্প ও তার টিম কঠিন আলোচনায় যেতে পেরেছেন। এর ফলেই এখন একটি কূটনৈতিক সমাধান ও দীর্ঘমেয়াদি শান্তির সম্ভাবনা তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, এছাড়া প্রেসিডেন্ট ট্রাম্প হরমুজ প্রণালি পুনরায় চালু করতে সক্ষম হয়েছেন।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি বলেন, যুক্তরাষ্ট্রের স্বার্থ এগিয়ে নেয়া এবং শান্তি প্রতিষ্ঠায় প্রেসিডেন্ট ট্রাম্পের সক্ষমতাকে কখনই খাটো করে দেখবেন না।
উল্লেখ্য, যুদ্ধ শুরু হওয়ার আগে এই গুরুত্বপূর্ণ জলপথটি খোলা ছিল। তবে বর্তমানে ইরান বলছে, নিরাপদ চলাচল নিশ্চিত করতে হলে তাদের বাহিনীর সঙ্গে সমন্বয় করতে হবে।







