আন্তর্জাতিক
ইসরায়েলের হামলার পর হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে হামলা চালানোর প্রতিক্রিয়ায় ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার চলাচল স্থগিত করেছে। বুধবার (৮ এপ্রিল) বিকাল থেকে এই প্রণালিতে ট্যাংকার চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে।
লেবাননে বুধবার ইসরাইলি হামলায় অন্তত ২৫৪ জন নিহত এবং এক হাজার ১৬৫ জন আহত হয়েছেন, জানায় লেবাননের সিভিল ডিফেন্স।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সি জানিয়েছে, ইসরাইল যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে লেবাননে হামলা চালানোর পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই তথ্য নিশ্চিত করেছে ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনাও।
এর আগে সকালেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের শর্ত মেনে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার ঘোষণা দেন। ওই সময়, ইরানের অনুমতিতে দুটি তেলবাহী ট্যাংকার নিরাপদে হরমুজ প্রণালি অতিক্রম করতে সক্ষম হয়। কিন্তু লেবাননে নতুন হামলার পর বাকি সব ট্যাংকারের চলাচল স্থগিত করে তেহরান।
ইরানের ১০ দফা পরিকল্পনার গুরুত্বপূর্ণ শর্তগুলোর একটি ছিল প্রতিরোধ ফ্রন্ট—লেবাননসহ—এর ওপর হামলা বন্ধ রাখা। তবে ইসরাইলি সেনাবাহিনী (আইডিএফ) জানিয়েছে, তাদের যুদ্ধবিরতি কেবল ইরানের সঙ্গে সরাসরি সংঘাতের ক্ষেত্রে প্রযোজ্য, লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান চলবে।
ফারস নিউজ জানায়, যুদ্ধবিরতি লঙ্ঘনের পর ইরান ইসরাইলের দখলকৃত অঞ্চলে সামরিক অবস্থানগুলোকে লক্ষ্য করে প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা চূড়ান্ত করছে। এই ঘটনায় যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির কার্যক্রম কয়েক ঘণ্টার মধ্যেই অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে।







