জাতীয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে টেকনিক্যাল কোর্স যুক্ত হচ্ছে: শিক্ষামন্ত্রী

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে টেকনিক্যাল কোর্স যুক্ত হচ্ছে: শিক্ষামন্ত্রী- খবরের থাম্বনেইল ফটো

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, উচ্চশিক্ষা ব্যবস্থাপনার সমস্যা, সংকট ও প্রতিবন্ধকতা নিরসনে ১৯৯২ সালে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু দীর্ঘদিনেও সেই লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন হয়নি। তবে আশার কথা হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন কর্মমুখী শিক্ষাকে গুরুত্ব দিয়ে একটি বিস্তৃত ও সময়োপযোগী শিক্ষাক্রম সংস্কারের যুগান্তকারী কার্যক্রম গ্রহণ করেছে; যা এই বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে মাইলফলক হিসেবে বিবেচিত হবে।


আজ বৃহস্পতিবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিন দিনব্যাপী ‘কারিকুলাম উন্নয়ন কর্মশালা’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


শিক্ষামন্ত্রী বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বেশিরভাগই মধ্য ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান। পুরোনো ও গতানুগতিক সিলেবাসে উচ্চ শিক্ষা গ্রহণ করার পর এদের বেশিরভাগই বেকার থাকে। কারণ কারিগরী বিষয় ও ইংরেজি ভাষায় দক্ষতার অভাব। এই বিপুল সংখ্যক শিক্ষার্থীকে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা ও ক্রমবর্ধমান প্রতিযোগিতায় টিকে থাকার মত দক্ষ করে গড়ে তুলতে কারিকুলাম আধুনিক ও সময়োপযোগী করার পাশাপাশি টেকনিক্যাল কোর্স যুক্ত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’


বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তিন দিনের এই কর্মশালায় বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কলেজ অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষার্থী এবং শিল্প উদ্যোক্তাদের সম্মিলিত প্রয়াসে একটি সময়ের প্রয়োজনভিত্তিক কারিকুলাম প্রণয়ন করা হবে; যা শিক্ষার্থীদের কর্মমুখী হওয়ার সুযোগ বাড়াবে এবং তরুণ-তরুণীদের মাঝে উদ্ভাবনী চিন্তা জাগাবে।


অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেন, স্বাধীনতার পর শিক্ষায় যথাযথ বিনিয়োগ না করায় দেশ এখনো সমসাময়িক অন্যান্য দেশের চেয়ে পিছিয়ে আছে। তাই বিলম্ব হলেও শিক্ষার ওপর গুরুত্ব দেয়ার সময় এখনই।


তিনি জানান, শিক্ষার্থীদের জ্ঞান ও মৌলিক দক্ষতা উন্নয়নে স্নাতক পর্যায়ে ইংরেজি, বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি ও পরিচয় এবং আইসিটি বিষয় বাধ্যতামূলক করা হয়েছে।


জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে, নতুন এই সংস্কারের আওতায় স্নাতক শিক্ষার্থীদের জন্য ২য় বর্ষে অ্যাডভান্সড আইসিটি কোর্স এবং ৩য় ও ৪র্থ বর্ষে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই), ডিজিটাল এন্টারপ্রেনারশিপ, ডেটা অ্যানালিটিক্স ও কম্পিউটার প্রোগ্রামিং-এর মতো কর্মমুখী কোর্স অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।


এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়নে সহযোগিতা করছে সরকারের এটুআই প্রোগ্রাম এবং ইউনিসেফ বাংলাদেশ।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুর রফিক এবং ইউনিসেফ বাংলাদেশের ডেপুটি রিপ্রেজেন্টেটিভ এমানুয়েল আব্রিউক্স।


অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ট্রেজারারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সম্পর্কিত খবর