আন্তর্জাতিক
হিজবুল্লাহর ওপর হামলা অব্যাহত থাকবে: নেতানিয়াহু

ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ইরান-সমর্থিত হিজবুল্লাহর ওপর প্রয়োজন অনুযায়ী যেখানেই হোক হামলা চালিয়ে যাবে ইসরাইল। লেবাননে ইসরাইলের ব্যাপক হামলার একদিন পর বৃহস্পতিবার তিনি এ কথা বলেন।
জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স অ্যাকাউন্টে নেতানিয়াহু লিখেছেন, আমরা হিজবুল্লাহকে লক্ষ্য করে শক্তি, দৃঢ়তা ও নিখুঁত হামলা চালিয়ে যাচ্ছি।
তিনি আরও বলেন, ‘আমাদের বার্তা স্পষ্ট। যে কেউ ইসরাইলি বেসামরিক মানুষের বিরুদ্ধে কাজ করলে, আমরা তাদের ওপর আঘাত হানব। ইসরাইলের উত্তরাঞ্চলের বাসিন্দাদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত, প্রয়োজন অনুযায়ী যেখানেই হোক হিজবুল্লাহর ওপর হামলা অব্যাহত থাকবে।’







