আন্তর্জাতিক
ইরানে নতুন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন, দাবি মার্কিন গোয়েন্দাদের

ইরানে নতুন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন, দাবি মার্কিন গোয়েন্দাদের
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা মূল্যায়নের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে চীন ইরানে নতুন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে বলে ইঙ্গিত পাওয়া গেছে।
প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর সাম্প্রতিক পর্যালোচনায় বলা হয়েছে, ইরান সম্ভাব্যভাবে তার গুরুত্বপূর্ণ বিদেশি অংশীদারদের সহায়তায় নির্দিষ্ট কিছু অস্ত্রব্যবস্থা পুনঃস্থাপনের সুযোগ হিসেবে চলমান পরিস্থিতিকে ব্যবহার করছে।
দুটি সূত্র সিএনএনকে জানিয়েছে, এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে বেইজিং অস্ত্রের এই চালানের প্রকৃত উৎস গোপন করতে তৃতীয় কোনো দেশের মাধ্যমে পাঠানোর চেষ্টা করছে।
সূত্রগুলোর দাবি অনুযায়ী, চীন যেসব প্রতিরক্ষা ব্যবস্থা হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছে তার মধ্যে রয়েছে কাঁধে বহনযোগ্য বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, যেগুলো ‘ম্যানপ্যাড’ নামে পরিচিত। এসব অস্ত্র নিচু দিয়ে উড়ে যাওয়া সামরিক বিমানের জন্য উল্লেখযোগ্য হুমকি তৈরি করতে পারে।
ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাসের একজন মুখপাত্র বলেছেন, ‘চীন এই সংঘাতে কোনো পক্ষকেই কখনো অস্ত্র সরবরাহ করেনি; প্রশ্নবিদ্ধ তথ্যটি অসত্য।’
তিনি আরও বলেন, “একটি দায়িত্বশীল বৃহৎ দেশ হিসেবে চীন আন্তর্জাতিক দায়িত্ব যথাযথভাবে পালন করছে। আমরা যুক্তরাষ্ট্রকে ভিত্তিহীন অভিযোগ, উসকানিমূলক সংযোগ এবং বিভ্রান্তিকর সংবাদ প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানাই। সংশ্লিষ্ট পক্ষগুলো যেন উত্তেজনা কমাতে আরও ভূমিকা রাখে, আমরা তা প্রত্যাশা করি।”







