আন্তর্জাতিক
লেবানন থেকে ইসরায়েলে হিজবুল্লাহর ৩০টি রকেট নিক্ষেপের দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী

ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, ইরান-সমর্থিত হিজবুল্লাহ গতকাল শুক্রবার লেবানন থেকে ইসরাইলে প্রায় ৩০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর মধ্যে কিছু হামলায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছ |
খবর বার্তা সংস্থা এএফপি’র।
লেবানন সীমান্তের কাছে উত্তর ইসরাইল জুড়ে বিমান হামলার সাইরেন সাইরেন বাজানো হয়েছে। এই অঞ্চলে ইসরাইলি বাহিনী ও হিজবুল্লাহ যোদ্ধাদের মধ্যে সংঘর্ষ চলমান রয়েছে। যদিও ইরান-ইসরাইল-যুক্তরাষ্ট্র সংঘাতের প্রেক্ষাপটে একটি যুদ্ধবিরতি কার্যকর রয়েছে।
ইসরাইলি জরুরি সেবা জানিয়েছে, সাফেদ শহরে একটি সরাসরি আঘাতে কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।
এছাড়া গালিলি অঞ্চলের বান্না ও দেইর আল-আসাদ এলাকাতেও আঘাতের খবর পাওয়া গেছে এবং একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
হিজবুল্লাহ ও ইসরাইলি বাহিনীর মধ্যে সংঘাত গত ২ মার্চ থেকে শুরু হয়। এটি হিজবুল্লাহর পক্ষ থেকে ইসরাইলে রকেট হামলার দুই দিন পর ঘটে। যুক্তরাষ্ট্র-ইসরাইল যৌথভাবে ইরানের লক্ষ্যবস্তুতে হামলা চালানোর প্রতিশোধ হিসেবে ইসরাইলে রকেট নিক্ষেপ করে হিজবুল্লাহ।
ইসরাইল জানায়, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সাম্প্রতিক যে যুদ্ধবিরতি হয়েছে, তা লেবাননের ক্ষেত্রে প্রযোজ্য নয়। গত বুধবার ইসরাইল লেবাননে হামলা চালায় এবং ওই হামলায় ৩০০-এর বেশি মানুষ নিহত হয়।
গতকাল শুক্রবার দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ শহরে ইসরাইলি হামলায় লেবাননের নিরাপত্তা বাহিনীর অন্তত ১০ সদস্য নিহত হয়।
ইসরাইলি সেনাবাহিনী জানায়, যুদ্ধ শুরুর পর থেকে তারা লেবাননে ৪,৩০০টিরও বেশি হিজবুল্লাহর অবকাঠামো ধ্বংস করেছে এবং ১,৪০০-এর বেশি যোদ্ধাকে হত্যা করেছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী জানা গেছে, গত মার্চের শুরু থেকে দেশটিতে ১,৮০০-এর বেশি মানুষ নিহত হয়েছে, যাদের মধ্যে ১৬৩ জন শিশু রয়েছে।
অন্যদিকে, ইসরাইলের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২ মার্চ থেকে দক্ষিণ লেবাননে সংঘর্ষে ১২ জন সেনা নিহত হয়েছে।
সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, শুক্রবার দক্ষিণ লেবাননে ইসরায়েলি অবস্থান লক্ষ্য করে একটি বিস্ফোরক ড্রোন হামলা চালালে স্পিন্টারের আঘাতে একজন রিজার্ভ সেনা গুরুতরভাবে আহত হয়েছে।







