সারাদেশ
লালমনিরহাটে ডিজেল ও ভারতীয় মদ জব্দ

জেলার ব্যাটালিয়ন-১৫ বিজিবি’র পৃথক দুই অভিযানে ৪৮০ লিটার ডিজেল ও ৩১ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে।
শুক্রবার রাতে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী ও ফুলবাড়ী উপজেলার সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালিত হয়।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১০টার দিকে বাগভান্ডার বিওপি’র টহলদল ভুরুঙ্গামারীর ভোটহাট এলাকায় অভিযান চালায়। এই সময় পরিবহনের বৈধ কাগজপত্র না থাকায় ড্রাম ভর্তি ডিজেল জব্দ করা হয়।
এদিকে, বিকাল সাড়ে ৩টার দিকে অনন্তপুর বিওপি’র টহলদল ফুলবাড়ীর পশ্চিম অনন্তপুর এলাকায় অভিযান চালালে সন্দেহভাজন কয়েকজন ব্যক্তিকে দেখে ধাওয়া দেয়। এই সময় তারা মালামাল ফেলে সীমান্ত পেরিয়ে ভারতের চলে যায়। পরে ঘটনাস্থল থেকে ৩১ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
বিজিবি জানায়, জব্দকৃত ডিজেল ও ড্রামের মূল্য ৫৯ হাজার ২শ’ টাকা এবং মদের মূল্য ৪৬ হাজার ৫শ’ টাকা। সব মিলিয়ে জব্দকৃত পণ্যের মোট মূল্য ১ লাখ ৫ হাজার ৭শ’ টাকা।
লালমনিরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, সীমান্তে চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবি’র অভিযান চলমান রয়েছে।
চোরাচালানমুক্ত সীমান্ত গড়ে তুলতে গোয়েন্দা নজরদারি ও টহল আরও জোরদার করা হয়েছে।







