আন্তর্জাতিক
ইসলামাবাদে ওয়াশিংটন-তেহরান শান্তি আলোচনা ব্যর্থ, বাড়ছে যুদ্ধ শঙ্কা

ইসলামাবাদে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক শান্তি আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে।
আলোচনার পর রোববার (১২ এপ্রিল) সকালে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স।
ভ্যান্স বলেন, টানা ২১ ঘণ্টার আলোচনার পরও ইরানের সঙ্গে কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি যুক্তরাষ্ট্র। সমঝোতা ছাড়াই পাকিস্তান ত্যাগের প্রস্তুতি নিচ্ছে মার্কিন প্রতিনিধি দল। তিনি এ পরিস্থিতিকে “দুঃসংবাদ” হিসেবে উল্লেখ করেন।
এ সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সামরিক নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ভ্যান্স বলেন, আলোচনার আয়োজনে পাকিস্তান গুরুত্বপূর্ণ ও ইতিবাচক ভূমিকা রেখেছে।
তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র তাদের গুরুত্বপূর্ণ শর্তগুলো স্পষ্টভাবে ইরানের সামনে তুলে ধরেছে, তবে তাতে সম্মত হয়নি তেহরান।
ইরানের পরমাণু কর্মসূচি প্রসঙ্গে ভ্যান্স দাবি করেন, দেশটির পরমাণু সক্ষমতা অনেকাংশে ধ্বংস করা হয়েছে। তবে ভবিষ্যতে ইরান যাতে পরমাণু অস্ত্র তৈরি না করে, সে জন্য তাদের পক্ষ থেকে দৃঢ় প্রতিশ্রুতি প্রয়োজন—যা এখনো স্পষ্ট নয়।
অন্যদিকে, বিবিসির খবরে বলা হয়, আলোচনার আগে যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। আজ জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্রের দাবি ‘অতিরিক্ত ও বেআইনি’। তিনি জানান, ইরানের বৈধ অধিকার ও স্বার্থকে স্বীকৃতি দেওয়ার ওপরই আলোচনার সাফল্য নির্ভর করছে।







