সারাদেশ

ফেনীতে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

ফেনীতে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা- খবরের থাম্বনেইল ফটো

জেলার সোনাগাজী উপজেলার কুঠিরহাট বাজারে অবস্থিত আল খিদমাহ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।


আজ সোমবার দুপুরে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তোহিদুল ইসলাম উপস্থিত থেকে ডায়াগনস্টিক সেন্টারটি সিলগালা করেন।


এর আগে গতকাল রোববার দুপুরে শহরতলীর ফেনী প্রাইভেট হাসপাতাল ও গত শনিবার রাতে এসএসকে সড়কে ওয়ান স্টপ মেটারনিটি ক্লিনিক সিলগালা করে দেয়া হয়।


জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, সিভিল সার্জন ডা. রুবাইয়াত বিন করিম ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তোহিদুল ইসলামের নির্দেশনায় মেডিকেল অফিসার ডা. এ জি এম রায়হান, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর প্রসাদ বিশ্বাস ও এ এইচ আই নুর আলম সোনাগাজী উপজেলার কুঠিরহাট বাজারে অবস্থিত আল খিদমাহ ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করেন। 


পরিদর্শনকালীন সময়ে দেখা গেছে, প্রতিষ্ঠানটির লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই, ফায়ার সার্ভিসের ছাড়পত্র ও ড্রাগ লাইসেন্স নেই। এ ছাড়া নানাবিধ অনিয়মের কারণে ডায়াগনস্টিক সেন্টারটি অনির্দিষ্ট সময়ের জন্য সিলগালা করা হয়। 


জেলা সিভিল সার্জন বাসসকে বলেন, গতকাল রোববার একই কারণে ফেনী প্রাইভেট হাসপাতাল সিলগালা করে দেয়া হয়। এছাড়াও শনিবার শহরের ওয়ানস্টপ মেটারনিটি ক্লিনিকে ভুল চিকিৎসায় এক প্রসুতির মৃত্যুর অভিযোগ উঠলে সরেজমিন পরিদর্শন করে ওই ক্লিনিকটি সিলগালা করে দেয়া হয়। এ ঘটনায় জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে।


তিনি আরও জানান, জেলায় নিরাপদ স্বাস্থ্য সেবা নিশ্চিতে কাজ করছে স্বাস্থ্য বিভাগ। ফেনীতে কোন অবৈধ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার চলতে দেওয়া হবে না। পর্যায়ক্রমে সব হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করা ও তদারকি করা হবে। অনিয়ম পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।



সম্পর্কিত খবর