আন্তর্জাতিক

ইরাকে ইরানি কুর্দিদের ওপর ড্রোন হামলায় নিহত ১

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

ইরাকে ইরানি কুর্দিদের ওপর ড্রোন হামলায় নিহত ১- খবরের থাম্বনেইল ফটো

ইরাকের উত্তরাঞ্চলীয় কুর্দিস্তান অঞ্চলে মঙ্গলবার ইরানি কুর্দি গোষ্ঠীর ওপর ড্রোন হামলায় এক নারী নিহত হয়েছে। দলটির এক কর্মকর্তা এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছে।


খবর বার্তা সংস্থা এএফপি’র।


ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরাইল যুদ্ধে গত সপ্তাহে সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইরাকের কুর্দিস্তানে ইরানি কুর্দিদের ওপর এটিই প্রথম এ ধরনের হামলা।


নির্বাসিত কোমালা দলের কমান্ডার মোহাম্মদ হাকিমি এই হামলার জন্য ‘ইরান এবং এর সহযোগী মিলিশিয়াদের’ দায়ী করেছেন। 


মধ্যপ্রাচ্য যুদ্ধ চলাকালেও ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে নির্বাসিত ইরানি কুর্দি গোষ্ঠীগুলোর ঘাঁটিতে ইরান একাধিকবার হামলা চালায়।


হাকিমি এএফপিকে জানান, বিকেলের দিকে একটি ড্রোন কোমালা দলের সোরদাশ ক্যাম্পে আঘাত হানে।


তিনি আরও বলেন, ‘হামলায় তিন ইরানি কুর্দি শরণার্থী আহত হয়েছেন। তাদের মধ্যে এক নারীর অবস্থা আশঙ্কাজনক।’


পরে তিনি এএফপিকে জানান, দলটির আহত নারী যোদ্ধা মারা গেছেন।


সুলাইমানিয়া শহর থেকে ৪০ কিলোমিটার পশ্চিমে এই ক্যাম্পটির অবস্থান।


অন্যদিকে আরেক বিরোধী গোষ্ঠী ডেমোক্রেটিক পার্টি অব ইরানিয়ান কুর্দিস্তান (পিডিকেআই) জানায়, কুর্দিস্তানের রাজধানী ইরবিলের কাছে কোয়সিনজাক জেলায় তাদের ক্যাম্পেও ড্রোন হামলা হয়েছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।


স্বায়ত্তশাসিত অঞ্চলের কাউন্টার-টেররিজম সার্ভিস জানায়, ‘ইরান থেকে ইরবিল প্রদেশের দিকে ছোঁড়া বোমাবাহী দুটি ড্রোন ভূপাতিত করেছে একটি যুদ্ধবিমান। তবে যুদ্ধবিমানটি কার, তা উল্লেখ করা হয়নি।


উত্তর ইরাকের কুর্দিস্তান অঞ্চলে ইরানি কুর্দি বিদ্রোহী গোষ্ঠীর বেশ কয়েকটি ঘাঁটি ও ক্যাম্প রয়েছে। ইরান এসব গোষ্ঠীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। তারা পশ্চিমা বা ইসরাইলি স্বার্থে কাজ করছে বলেও অভিযোগ তেহরানের।


সম্পর্কিত খবর