সারাদেশ
দিনাজপুরে ক্ষুদে বিজ্ঞানীদের অংশগ্রহণে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

দিনাজপুরের বীরগঞ্জে ক্ষুদে বিজ্ঞানীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে গুড নেইবারস বাংলাদেশ, বীরগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের উদ্যোগে নওপাড়া স্কুল ও কলেজ প্রাঙ্গণে এই মেলার আয়োজন করা হয়।
মেলায় উপজেলার ৫টি বিদ্যালয়ের ক্ষুদে বিজ্ঞানীরা তাদের উদ্ভাবন প্রদর্শন করে। অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ মেলার প্রতিটি স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সৃজনশীল কাজের প্রশংসা করেন।
নওপাড়া স্কুল ও কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা একাডেমিক সুপারভাইজার আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওপাড়া স্কুল ও কলেজের প্রধান শিক্ষক (স্কুল শাখা) ফারুক হোসেন এবং গুড নেইবারস বাংলাদেশ বীরগঞ্জ সিডিসি-র সভাপতি প্রফুল্ল কর্মকার। এ সময় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন প্রজেক্ট ইনচার্জ নিকোলাশ কিস্কু এবং মেডিকেল অফিসার ডা. মো. মেরাজুল ইসলাম।
দিনব্যাপী এই আয়োজন শেষে কুইজ প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করতেই এই ব্যতিক্রমধর্মী মেলার আয়োজন। এ ধরনের উদ্যোগ নতুন প্রজন্মের মেধা ও সৃজনশীলতা বিকাশে নিঃসন্দেহে কার্যকর ভূমিকা পালন করবে।’
তারা আরও উল্লেখ করেন, বর্তমান যুগ রোবোটিক্স ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (এআই) যুগ। উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশকে নেতৃত্ব দিতে হলে শিক্ষার্থীদের আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তিতে পারদর্শী হতে হবে। বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে উঠতে বিজ্ঞান শিক্ষার কোনো বিকল্প নেই।







