সারাদেশ

বন্যা ও নদী ভাঙন রোধে জরুরি পদক্ষেপের দাবিতে এমপিকে খোলা চিঠি

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

বন্যা ও নদী ভাঙন রোধে জরুরি পদক্ষেপের দাবিতে এমপিকে খোলা চিঠি- খবরের থাম্বনেইল ফটো

ফেনী-১ আসনের জনগণের পক্ষ থেকে বন্যা ও নদী ভাঙন রোধে জরুরি ভিত্তিতে নদী ও খাল খনন এবং বাঁধ নির্মাণের দাবিতে স্থানীয় সংসদ সদস্য (এমপি) মুন্সী রফিকুল আলম মজনুর কাছে খোলা চিঠি দিয়েছে শিক্ষামূলক সামাজিক সংগঠন ‘রাহবার’।


বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে পরশুরাম উপজেলা প্রাঙ্গণে এমপির হাতে এ চিঠি তুলে দেওয়া হয়।


এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক কার্যকরী সভাপতি ইয়াসিন আরাফাত, সাধারণ সম্পাদক এনামুল করিম আজাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদির মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ উদ্দিন, অর্থ সম্পাদক কাজী হাবিবুর রহমান, দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন নাঈম, সহ-প্রচার সম্পাদক সোলায়মান উদ্দিন রাসেল, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ইফতেখার উদ্দিন আবির, শিক্ষা বিষয়ক সম্পাদক শাহরিয়ার মজুমদার সিয়াম এবং কার্যনির্বাহী সদস্য আজমির হোসেন প্রমুখ।


খোলা চিঠিতে উল্লেখ করা হয়, ‘২০২৪ সালের বন্যার পর আরও একবার বন্যার মুখোমুখি হওয়ার পরও এখন পর্যন্ত কার্যকর কোনো স্থায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি। বিশেষ করে বাঁধ নির্মাণের কাজ বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি নেই।’


চিঠিতে আরও বলা হয়, ‘২০২৪ সালের বন্যার মূল উৎপত্তিস্থল বল্লামুখা এলাকায় বাঁধ নির্মাণের কাজ শুরু হলেও তা যথাযথভাবে সংস্কার ও সম্পন্ন করা হয়নি। ফলে আসন্ন বর্ষা মৌসুমে আমরা আবারও একই ধরনের বিপদের আশঙ্কায় দিন কাটাচ্ছি।’


এতে উল্লেখ করা হয়, নদী ও খালগুলোতে পলি জমে ভরাট হয়ে যাওয়ায় পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে, যা ভবিষ্যতে ভয়াবহ বন্যা ও নদী ভাঙনের ঝুঁকি আরও বাড়িয়ে দিচ্ছে।

এমতাবস্থায়, অঞ্চলটিকে পুনরায় পানিতে তলিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করতে জরুরি ভিত্তিতে নদী ও খাল খনন এবং টেকসই বাঁধ নির্মাণের জোর দাবি জানানো হয়েছে খোলা চিঠিতে।


সম্পর্কিত খবর