সারাদেশ
কেরানীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোর নিহত

ঢাকা কেরানীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মো. রিপন (১৬) নামের এক কিশোর নিহত হয়েছেন।
কেরানীগঞ্জ মডেল থানাসংলগ্ন পানগাঁও বাজার এলাকায় বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রিপন চাঁদপুর জেলার মতলব উপজেলার বাড়ি ডাঙা গ্রামের আলামিন মিয়ার ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের চাচা মো. মামুন জানান, রিপন একজন দোকান কর্মচারী। রাত ১১টার দিকে মোটরসাইকেল চালিয়ে বাসায় ফেরার পথে কেরানীগঞ্জ বনগাঁও এলাকায় আসামাত্রই মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে যায়। পরে খবর পেয়ে তারা রিপনকে দ্রুত ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, রিপন বর্তমানে ঢাকার কেরানীগঞ্জ এলাকায় থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।







