আন্তর্জাতিক

মে মাসের মাঝামাঝি পর্যন্ত পেছাল পেরুর প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

মে মাসের মাঝামাঝি পর্যন্ত পেছাল পেরুর প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল- খবরের থাম্বনেইল ফটো

পেরুর প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ফলাফল মধ্য মে মাসের মাঝামাঝি সময়ের আগে প্রকাশ করা সম্ভব হবে না বলে জানিয়েছেন দেশটির এক নির্বাচন কর্মকর্তা।


গত সপ্তাহে বিশৃঙ্খলার মধ্য দিয়ে শেষ হওয়া ভোটে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে।


খবর বার্তা সংস্থা এএফপি’র।


পেরুর সর্বোচ্চ নির্বাচনী বিচারিক কর্তৃপক্ষ ন্যাশনাল জুরি অব ইলেকশনসের (জেএনই) মহাসচিব ইয়েসিকা ক্লাভিহো রেডিও আরপিপিকে বলেন, রানঅফে (দ্বিতীয় দফার ভোট) কারা যাবেন তা নির্ধারণের জন্য প্রয়োজনীয় প্রেসিডেন্ট নির্বাচনের ফল আমরা মে মাসের মাঝামাঝি নাগাদ পাব বলে আশা করছি।


গত রোববারের নির্বাচনে ৯৩.৪ শতাংশ ভোট গণনা শেষে দেখা গেছে, ডানপন্থী প্রার্থী কেইকো ফুজিমোরি ১৭ শতাংশ ভোট পেয়ে এগিয়ে আছেন। 


শীর্ষ দুই প্রার্থী রানঅফে প্রতিদ্বন্দ্বিতা করবেন। দ্বিতীয় স্থানের জন্য বামপন্থী রবার্তো সানচেজ ও চরম ডানপন্থী রাফায়েল লোপেজ আলিয়াগার মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছে।


সানচেজ পেয়েছেন ১২ শতাংশ এবং আলিয়াগা পেয়েছেন ১১ দশমিক ৯ শতাংশ ভোট।

শনিবার দুজনের মধ্যে ব্যবধান সামান্য বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৬০০ ভোটে।


ক্লাভিজো জানান, ১৫ হাজারেরও বেশি বিতর্কিত ব্যালট পর্যালোচনার কারণে ভোটগণনা ধীরগতিতে চলছে।


এর মধ্যে প্রায় ৩০ শতাংশ প্রেসিডেন্ট নির্বাচনসংক্রান্ত এবং বাকিগুলো আইনসভা নির্বাচন সংশ্লিষ্ট।


রাজধানী লিমার সাবেক মেয়র লোপেজ আলিয়াগা ভোট গণনার এই দীর্ঘসূত্রিতার কঠোর সমালোচনা করেছেন। তিনি কোনো প্রমাণ ছাড়াই ভোটে কারচুপির অভিযোগ তুলে নির্বাচন বাতিলের দাবি জানান।


তিনি তার দল পপুলার রিনিউয়াল পার্টির সমর্থকদের রোববার প্রতিবাদ মিছিলে অংশ নেওয়ারও আহ্বান জানান।


অন্যদিকে, রবার্তো সানচেজও নির্বাচন ব্যবস্থার সমালোচনা করে শনিবার এক সংবাদ সম্মেলনে বলেন, ‘এই গুরুতর সাংগঠনিক সমস্যাগুলো তদন্ত করতে হবে এবং উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে।’


দীর্ঘস্থায়ী রাজনৈতিক অস্থিরতা মধ্য দিয়ে যাওয়া আন্দিজ পর্বতমালা অঞ্চলের রাষ্ট্রটিতে রেকর্ড ৩৫ জন প্রার্থী প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তবে, দেশটির শেষ আটজন প্রেসিডেন্টের মধ্যে চারজনকেই কংগ্রেস অভিশংসন করেছে।


নির্বাচনী সামগ্রী সরবরাহে বিলম্বের কারণে কর্তৃপক্ষ লিমার কিছু অংশে সোমবার পর্যন্ত ভোটগ্রহণের সময় বাড়াতে বাধ্য হয়।


তবে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশন নির্বাচনটিকে সামগ্রিকভাবে সুষ্ঠু বলে ঘোষণা করেছে।


এদিকে শুক্রবার সরকারি কৌঁসুলিরা ভোট আয়োজনকারী সংস্থা ন্যাশনাল অফিস অব ইলেক্টোরাল প্রসেসেসের (ওএনপিই) একটি গুদামে অভিযান পরিচালনা করেন।


ভোটাধিকার লঙ্ঘনের অভিযোগে চারজন কর্মকর্তার বিরুদ্ধে জেএনইতে অভিযোগ দায়ের করা হয়েছে।


সম্পর্কিত খবর