সারাদেশ
ভোলায় জেলেদের মাঝে চাল বিতরণ সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন

ভোলায় জেলেদের মাঝে চাল বিতরণ সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
সোমবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।ভোলার দৌলতখান উপজেলায় মেঘনা নদীতে দুই মাস মাছ ধরা নিষিদ্ধ থাকায় কর্মহীন জেলেদের জন্য বরাদ্দকৃত
সরকারি চাল বিতরণে অনিয়মের অভিযোগ নিয়ে সম্প্রতি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। এটি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে।
প্রকাশিত সংবাদ অনুযায়ী, হাজিপুর ইউনিয়নে কর্মহীন জেলেদের জন্য জনপ্রতি ৮০ কেজি চাল বিতরণের সরকারি নির্দেশনা থাকলেও বাস্তবে ৫০ কেজি করে চাল দেওয়া হচ্ছে।
জনপ্রতি ৩০ কেজি চাল কম পাওয়ায় জেলেদের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়েছে।
উক্ত অভিযোগের প্রেক্ষিতে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর নির্দেশনায় মৎস্য অধিদপ্তর পটুয়াখালীর জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দীকে প্রধান করে এক সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে।
তদন্ত কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে প্রকৃত ঘটনা উদঘাটন করে দায়ীদের চিহ্নিতপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ দিতে নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়।
এছাড়াও স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে সরকারি সহায়তা যথাযথভাবে প্রকৃত উপকারভোগীদের নিকট পৌঁছে দেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে কঠোর নির্দেশনাও দেওয়া হয়েছে।







