সারাদেশ
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

জেলায় সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ২ জন নিহত হয়েছেন।
আহত হয়েছেন আরও দুইজন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ময়মনসিংহ-নেত্রকোণা মহাসড়কের সদর উপজেলার রঘুরামপুর এলাকায় ব্র্যাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ময়মনসিংহগামী একটি মাহেন্দ্রর সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মাহেন্দ্রটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই মাহেন্দ্রর যাত্রী বওলা গ্রামের রাবিয়া খাতুন (৬৫) এবং হিরনপুর গ্রামের ১৭ মাস বয়সী শিশু তৌফিক নিহত হয়।
দুর্ঘটনায় গুরুতর আহত হন শিশুটির মা খাদিজা (৩২) এবং মাহেন্দ্রর চালক মাহবুব।
স্থানীয়দের সহযোগিতায় পুলিশ আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শিবিরুল ইসলাম জানান, দুর্ঘটনার পর ট্রাক্টরটির চালক পালিয়ে গেছে।
তবে সেটিকে আটক করার চেষ্টা চলছে। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।







