আন্তর্জাতিক

২০০৮ সালের পর জন্মগ্রহণকারীদের জন্য সিগারেট নিষিদ্ধ করতে যাচ্ছে যুক্তরাজ্য

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

২০০৮ সালের পর জন্মগ্রহণকারীদের জন্য সিগারেট নিষিদ্ধ করতে যাচ্ছে যুক্তরাজ্য- খবরের থাম্বনেইল ফটো

যুক্তরাজ্যের পার্লামেন্টের উভয় কক্ষ একটি নতুন বিল অনুমোদন করেছে। ফলে, ২০০৯ সালের ১ জানুয়ারির পর জন্মগ্রহণকারীরা জীবনে কখনোই সিগারেট কিনতে পারবেন না।


‘টোব্যাকো অ্যান্ড ভেইপস বিল’ নামে আইনটি ধীরে ধীরে নতুন প্রজন্মকে ধূমপান থেকে দূরে রাখার লক্ষ্য নিয়ে আনা হয়েছে। বর্তমানে যারা ১৭ বছর বয়সী, তাদের পরবর্তী জীবনে সিগারেট কেনা বা ধূমপান শুরু করা থেকে পুরোপুরি নিষিদ্ধ রাখা হবে। 


খবর বার্তা সংস্থা এএফপি’র।


স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং এই সিদ্ধান্তকে ‘স্বাস্থ্য ব্যবস্থার জন্য ঐতিহাসিক মুহূর্ত’ আখ্যায়িত করেছেন। তিনি বলেন, এটি এমন একটি প্রজন্ম তৈরি করবে, যারা ধূমপানের আসক্তি ও ক্ষতি থেকে মুক্ত থাকবে।

 

বিলটি আইনে পরিণত হলে সরকার অভ্যন্তরীণ ধূমপান নিষেধাজ্ঞা আরো বিস্তৃত করে শিশুদের খেলার মাঠ, বিদ্যালয় ও হাসপাতালের বাইরের এলাকাতেও প্রয়োগ করতে পারবে। 


এটি সরকারকে ভেইপের ফ্লেভার ও প্যাকেজিং সীমিত করার এবং যেসব জায়গায় ধূমপান ইতোমধ্যেই নিষিদ্ধ, সেখানে ভেইপিং নিষিদ্ধ করার নতুন ক্ষমতাও পাবে।


বিলটি প্রতিরোধমূলক স্বাস্থ্য ব্যবস্থা জোরদার করার এবং যুক্তরাজ্যের রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস)-এর দীর্ঘমেয়াদী চাপ কমানোর একটি উদ্যোগের অংশ।


জনস্বাস্থ্য বিষয়ক দাতব্য সংস্থা অ্যাকশন অন স্মোকিং অ্যান্ড হেলথ (এএসএইচ)-এর পরিচালক হেজেল চিজম্যান এলবিসি রেডিও স্টেশনকে বলেছেন, বিলটি জনস্বাস্থ্যের জন্য একটি ‘নির্ধারক মোড়’ বা গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে বিবেচিত হবে।


গত বছরের জুনে লেবার সরকার ডিসপোজেবল ভেইপ বিক্রির নিষেধাজ্ঞা জারি করে, যা সস্তা এবং রঙিন প্যাকেজিংয়ে আসে বলে তরুণদের কাছে জনপ্রিয়।


গত ২০২২ সালে নিউজিল্যান্ড প্রথম দেশ হিসেবে এমন একটি ধূমপানবিরোধী আইন চালু করে। যেখানে ২০০৮ সালের পর জন্মগ্রহণকারীদের কাছে সিগারেট বিক্রি নিষিদ্ধ করা হয়।


তবে, পরে ২০২৩ সালের নভেম্বরে রক্ষণশীল জোট সরকার ক্ষমতায় এসে আইনটি কার্যকর হওয়ার এক বছরেরও কম সময়ের মধ্যে বাতিল করে দেয়।


গত বছরের নভেম্বরে মালদ্বীপ ১ জানুয়ারি ২০০৭-এর পরে জন্মগ্রহণকারী কারো কাছে সিগারেট বিক্রি নিষিদ্ধ করেছে।


যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্য সেবা (এনএইচএস) জানায়, যুক্তরাজ্যে ধূমপানের কারণে প্রতি বছর প্রায় ৭৫ হাজার মানুষের মৃত্যু হয় এবং এটি মোট মৃত্যুর প্রায় এক-চতুর্থাংশ।


সম্পর্কিত খবর