আন্তর্জাতিক

রুশ হামলায় ইউক্রেনের ওদেসায় নিহত ২, আহত ১৪

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

রুশ হামলায় ইউক্রেনের ওদেসায় নিহত ২, আহত ১৪- খবরের থাম্বনেইল ফটো

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর ওদেসায় রুশ হামলায় দুইজন নিহত এবং ১৪ জন আহত হয়েছেন। শুক্রবার দেশটির জরুরি সেবা সংস্থা এ তথ্য জানিয়েছে।


২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া রাশিয়ার আগ্রাসনে ইউক্রেনে ইতোমধ্যে কয়েক লাখ মানুষ নিহত এবং লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।


এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে প্রাণঘাতী সংঘাতে পরিণত হয়েছে।

কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।


ইউক্রেনের স্টেট ইমার্জেন্সি সার্ভিস শুক্রবার তাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া বিবৃতিতে জানায়, আবাসিক ভবন ও বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে এ হামলা চালানো হয়।


হামলায় একটি তিনতলা আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি অন্তত দুটি দুইতলা ভবন ধ্বংস হয়।


বিবৃতিতে বলা হয়, ‘রুশ হামলায় মোট দুইজন নিহত এবং ১৪ জন আহত হয়েছেন।’


এতে আরও জানানো হয়, একটি আবাসিক ভবন থেকে ১৬ জন বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। ঘটনাস্থলে ১৪০ জনের বেশি উদ্ধারকর্মী কাজ করেছেন।


সাম্প্রতিক মাসগুলোতে মস্কো ইউক্রেনে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে। বিশেষ করে জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলার কারণে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটছে।


স্থানীয় সামরিক প্রশাসনের প্রধান সের্গেই লিসাক জানান, চলতি মাসের শুরুতে ওদেসায় একাধিক দফায় রাতের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত নয়জন নিহত হন।


সম্পর্কিত খবর